কুয়েতের ধুলো, পাকিস্তানের কুয়াশাতেই দিল্লীর বায়ু দূষণ




ধারণা করা হচ্ছিল, পাঞ্জাব আর হরিয়ানার কৃষকদের ফসলের গোড়া পুড়িয়ে ফেলার কারণে ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়েছে দিল্লী। এখন শোনা যাচ্ছে দিল্লীর এই ভয়াবহ ধোঁয়াশার জন্য দায়ী পাকিস্তান, কুয়েত, ইরান আর সৌদি আরবও!
এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, দিল্লীর বায়ুমণ্ডলের ওপরের স্তর যে গত ৪ দিন ধরে অসম্ভব ভারী হয়ে উঠেছে ধূলিকণায়, তা এসেছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ কুয়েত, ইরান ও সৌদি আরব থেকে। আর দিল্লীকে দুর্ভেদ্য কুয়াশাটা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। নাসার উপগ্রহ চিত্রও এমনটাই বলছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, কুয়েত, ইরান ও সৌদি আরব মুলুক থেকে ধুলোবালি ভরা গরম বাতাস উত্তর ভারতের লক্ষ্যে রওনা হওয়ার পর ঢুকে পড়েছিল পাকিস্তানের সীমানায়। কুয়েত, ইরান, সৌদি আরবের তুলনায় এখন অনেকটাই ঠান্ডা পাকিস্তানে। যে ঠান্ডায় বায়ুমণ্ডলের ওপরের স্তরে থাকা তরল জলের কণা জমজমাট কুয়াশার জন্ম দিয়েছে। সেই কুয়াশা থেকে তরল জলের কণা ‘ছিনিয়ে নিয়েছিল’ কুয়েতের বাতাস। তার পর উত্তর ভারতের দিকে বইতে বইতে সেই বাতাস ভরে উঠেছিল ধোঁয়ায়। এছাড়া পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা বছরের এই সময়ে কৃষকরা ফসলের বর্জ্য পোড়ান নির্বিচারে। তার থেকেই জন্ম হয় ভয়ঙ্কর ধোঁয়ার। পাকিস্তানের কুয়াশা থেকে তরল জলের কণা আর পাঞ্জাব, হরিয়ানার আকাশের ধোঁয়াকে সঙ্গে নিয়ে কুয়েতের বাতাস জন্ম দিয়েছে দিল্লির এই ভয়াবহ ধোঁয়াশার।
বিজ্ঞানীরা বলছেন, পাক কুয়াশা থেকে তরল জলের কণা আর পাঞ্জাব, হরিয়ানার বায়ুমণ্ডল থেকে ফসল পোড়ানো ধোঁয়া ভরে নিয়ে কুয়েতের বাতাস এখন এতটাই ভারী হয়ে গিয়েছে যে, তার পক্ষে আর বেশি দূরে বয়ে যাওয়া সম্ভব নয়।
দিল্লীর বাতাসে এখন ভাসমান বস্তুকণার (পার্টিকুলেট ম্যাটার) পরিমাণ ‘বিশ্বের সবচেয়ে দূষিত নগরী’ বেইজিংয়ের চেয়েও দশ গুণ বেশি। কাশি, শ্বাসকষ্টের মত নানা উপসর্গ নিয়ে রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে।
এর মধ্যেও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। সবার মুখে দেখা যাচ্ছে মাস্ক, মাথায় আচ্ছাদন। দৃষ্টি সীমা এতটাই কমে এসেছে যে প্রত্যেক চালককে গাড়ি চালাতে হচ্ছে ঝুঁকি নিয়ে।
এই আতঙ্কজনক পরিস্থিতিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দিল্লী রাজ্য সরকার। শহরে গাড়ির পার্কিং ফি চারগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কিছু স্কুল। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি ছাড়া আর কোনো ট্রাক বা বাণিজ্যিক বাহনকে দিল্লীতে ঢুকতে দেওয়া হচ্ছে না।