কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা




আগের দিনের বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে গতকাল কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে গমের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ভুট্টা ও সয়াবিনের দামও বেড়েছে।
সাত কার্যদিবস ধরে সিবিওটিতে গমের দামে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম ১১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়।
গতকাল পণ্যটির বাজার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নিম্নমুখিতা কেটে আগের দিনের তুলনায় দাম বেড়েছে গমের। এদিন দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ১৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। মঙ্গলবার প্রতি বুশেল গম বিক্রি হয়েছিল ৪ ডলার ১০ সেন্টে, যা গত ৪ জানুয়ারির পর সর্বনিম্ন।
এদিকে সিবিওটিতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৪৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। এদিন সিবিওটিতে সয়াবিনের দামও আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৭৯ সেন্টে। এর আগের দিন পণ্যটির দাম বুশেলপ্রতি ৯ ডলার ৭৫ সেন্টে নেমেছিল, যা গত ১৭ নভেম্বরের পর সর্বনিম্ন।
ব্রাজিল, আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলোয় বৈরী আবহাওয়ার কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে কয়েক দিন ধরে সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল।