কৃষিপণ্যের বাজারে নিম্নমুখী প্রবণতা



কৃষিপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে সয়াবিন বেচাকেনা কমে যাওয়ার সম্ভাবনা থেকে সিবিওটিতে এ সময় কৃষিপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশের বেশি কমেছে। খবর সিনহুয়া ও এগ্রিমানি।

সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় সাড়ে ৭ সেন্ট কমেছে। এ সময় মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ৬০ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম। এর মধ্য দিয়ে সিবিওটিতে পরপর দুই সপ্তাহ গমের দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। রাশিয়া ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে সরবরাহ বেড়ে যাওয়ার জের ধরে গমের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একই চিত্র দেখা গেছে ভুট্টার দামেও। এ সময় খাদ্যপণ্যটির বুশেলপ্রতি গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৪৪ শতাংশ কমেছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৭৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় সাড়ে ৫ সেন্ট কম।

তবে এ সময় সিবিওটিতে সয়াবিনের দামে সবচেয়ে বেশি নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কৃষিপণ্যটির সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমেছে। সর্বশেষ সপ্তাহে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ১০ ডলার ২৮ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২১ সেন্ট কম।