অনেক সাক্ষাৎকারেই সালমানকে বলতে শোনা গিয়েছে যে তিনি ভিলেন হতে চান না। শুধুই দর্শকদের মনোরঞ্জন করতে চান। সবসময়ই তিনি বলেন, হিরোর চরিত্রই আমার বেশি পছন্দের। একমাত্র এই চরিত্রের গন্ধ দর্শকেরা গায়ে মেখে ঘুরতে পারবেন।
সমসাময়িক শাহরুখ খান প্রথম থেকেই ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তবে গোটা ক্যারিয়ারে আজ পর্যন্ত ভিলেনের চরিত্রে দেখা যায়নি সালমান খানকে। সেই সালমান খানই এ বার তথাকথিত খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তাও রেস থ্রি সিনেমায়।
রিয়েল লাইফে খলনায়কের কাদা লেগেছিল অনেক আগেই। রিলে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সদা সজাগ ছিলেন সালমান। হঠাৎ কী এমন হল সালমানের? যে স্টারডমে খলনায়কের ‘কাদা’ ছেটাতে চাইছিলেন না সল্লু মিঞা, হঠাৎই সেই চরিত্রে অভিনয় করতে গোঁ ধরলেন কেন?
বিশেষ একটা শর্তেই না কি এমন চরিত্রে রাজি হয়েছেন সালমান খান। তথাকথিত ভিলেনরা ছবিতে সচরাচর যে সব ‘ভিলেনসুলভ’ কাজকম্ম করে থাকেন, তার বিন্দুমাত্রও করতে হবে না বলিউডের ভাইজানকে। এমনটাই জানানো হয়েছে ছবির প্রযোজক সংস্থার তরফে।
রেস থ্রি-র প্রযোজক সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে, কেরিয়ারে এত বছরে যখন ভিলেনের চরিত্রে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না, তখনই রেস থ্রি-র জন্য ভিলেন হচ্ছেন সালমান খান। তবে পোড় খাওয়া স্টিরিওটাইপ ভিলেন নয়, বরং সাইকোলজিকাল ভিলেনের চরিত্রে রাজি হয়েছেন সলমন। ভিলেন মানেই নায়ককে অহেতুক ভয় দেখানো, নায়িকার পিছনে তাড়া করা আর বন্ধুবান্ধবের সঙ্গে মদ্যপান। এসবে আগেই মুখ বেঁকিয়ে ছিলেন বলিউডের ভাইজান। তবে রাজি হয়েছেন সিলভার স্ক্রিনে প্ল্যান মাফিক ‘কুকর্ম’ করতে। যে প্ল্যানের পরতে পরতে থাকবে রহস্য। এমন ভিলেনের চরিত্রেই দর্শকদের হাড়হিম করতে চলেছেন সালমান।
