কেমন আছেন নতুন করে আসা রোহিঙ্গারা




প্রায় তিন ধরে খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে একজন একজন করে অসুস্থ হয়ে পড়ছে কক্সবাজার সীমান্তে নতুন করে আসা রোহিঙ্গারা। সবচেয়ে দুর্দশায় আছে শিশুরা, এরপরই বৃদ্ধরা আর গর্ভবতী মায়েরা।
কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, এদের আনুমানিক সংখ্যা ১৫ হাজার। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক পিতৃমাতৃহীন শিশুও রয়েছে। তরুণরা তাদের বৃদ্ধা পিতা-মাতাকে কাঁধে করে নিয়ে ছুটছেন চিকিৎসার ও নিরাপদ আশ্রয়ের আশায়।
থাকার জায়গা হয়েছে ধানক্ষেতের আলের উপর খোলা জায়গায়। যারা সাথে করে একটু পলিথিন নিয়ে আসতে পেরেছেন তারা সেটা টানিয়ে একটু মাথা গোজার ব্যবস্থা করার চেষ্টা করছেন।
যেখানেই সন্তানসহ রোহিঙ্গা দম্পতিদের দেখা গেছে তাদের উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন সন্তানদের জন্য একটু খাবার আর চিকিৎসার আশায়।
শিশুদের পানিশূণ্যতার পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া। বেশিভাগ শিশুরাই নির্জীব। গর্ভবতী মায়েরা তাদের ভূমিষ্ঠ হতে যাওয়া সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে খুবই উদ্বিগ্ন। দিনের পা দিন অজানা উদ্দেশে অমানুষিক হাটা কারনে পা ফুলে ঢোল হয়ে গেছে। সাথে আছে খাবারের জন্য হাহাকার।