কোচিং বাণিজ্যে জড়িত থাকলেই ‘বদলি’




মনিটরিং কমিটির সুপারিশের ভিত্তিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বদলির কার্যক্রম চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংসদে মন্ত্রী বলেন, দীর্ঘদিন একই স্থানে কর্মরত শিক্ষকদের মধ্যে কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে এসব শিক্ষককে বদলির কার্যক্রম চলছে।
গতকাল জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে গঠিত মনিটরিং কমিটির তত্পরতায় কোচিং বাণিজ্য বন্ধে অগ্রগতি সাধিত হয়েছে। এ কমিটির সুপারিশের ভিত্তিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর অপর এক প্রশ্নের উত্তরে নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের আমলে ২০১০ সালে সারা দেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। ফলে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, অবশিষ্ট নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।