কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান।
আজ সোমবার সকালের এ ঘটনায় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে সেখানে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা বলেছেন, সংগঠন থেকে নয়, সাধারণ শিক্ষার্থী হিসেব তারা ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ’ বজায় রাখতে কাজ করছেন।
আজ ঢাকাসহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচি ছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মসূচি ছিল। কিন্তু সকাল থেকেই সেখানে ছাত্রলীগের মহড়া ছিল। তাই আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানেও একই অবস্থা দেখা গেলে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আন্দোলনকারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন।
এ সময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা–কর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। কিল, ঘুষি ও লাথি মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। ফারুক হোসেনকে মোটরসাইকেলে করে তুলে শাহবাগ থানায় নিয়ে যান।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। তাঁদের মধ্যে ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, স্কুলছাত্র–বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, মহসীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানিসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে পিটুনির শিকার হন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর।
ঢাকার পর চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কর্মসূচিতে হামলা চালিয়ে মারধর করা হয়।
আরও পড়ুন;
