শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা বাতিল সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা এ মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ না করা হলে আগামী মাস থেকে আবার আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন ছাত্রদের হয়রানি করার জন্য অজ্ঞাতনামা হিসেবে পাঁচটি মামলা হয়েছে। এগুলোর প্রত্যাহার চান তাঁরা। যারা প্রকৃত অপরাধী, তাদের নামে মামলা দায়ের করার দাবি জানান তাঁরা।
কোটা সংস্কার আন্দোলনকারী এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আমরাও চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য গেজেট আকারে প্রকাশ হোক। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের জন্য অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অল্প কিছু মিডিয়া আমাদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে।’
আন্দোলনকারীদের পক্ষ থেকে রাশেদ খান বলেন, কোটা আন্দোলন নিয়ে এর আগে একটি পত্রিকা মিথ্যা সংবাদ ছেপে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। ২০ এপ্রিল আরেকটি পত্রিকা কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে আরও একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। এটি বিকেলের মধ্যে প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান আন্দোলনকারীরা।
কোটা সংস্কার আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, নুরুল হক, আহ্বায়ক হাসান আল মামুনের অভিযোগ, সম্প্রতি তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়েছে। এ ধরনের আর কোনো শিক্ষার্থীকে তুলে না নিয়ে যাওয়ার দাবি জানান তাঁরা। বলেন, এ রকম হলে ছাত্রসমাজ বসে থাকবে না।
উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
আরও পড়ুন;
চাকরির কোটা সংস্কারে অগ্রগতি ‘নেই’
কোটা সংস্কার আন্দোলন: দুদিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি
কোটা সংস্কার নিয়ে আন্দোলন স্থগিত
কোটা পদ্ধতি বাতিল; সংসদে প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলন: স্থবির ঢাকা
ফিরলেন পুরনো নেতারা; কোটা সংস্কার আন্দোলন চলবে
স্থগিত কোটা সংস্কার আন্দোলন
কোটার ব্যাপারে ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে দেখবে সরকার
কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ
