কোমল পানীয়র বোতলে রাখা কীটনাশক সেভেনআপ ভেবে খেয়ে পাবনার ঈশ্বরদীতে রাহিমা খাতুন (৮) ও খাদিজা খাতুন (৪) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা উপজেলার পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিকশা চালক বাবু মন্ডলের মেয়ে।
গত বুধবার (৩ জুন) রাতে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা এবং বৃহস্পতিবার (৪ জুন) বিকালে রাহিমা মারা যায়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মায়ের সাথে মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু খাতুন দাশুড়িয়ার আথাইল শিমুল গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়।
তাদের মামা রোকন উদ্দিন ক্ষেতের আগাছা মারার জন্য সেভেন আপের বোতলে কীটনাশক এনে ঘরে টেবিলে রেখে বাইরে যান। সেভেনআপ ভেবে কীটনাশক গ্লাসে ঢেলে তিন বোন ও আরও কয়েকটি শিশু খায়।
বিকট গন্ধের কারণে ঋতু ও বাকিরা বমি করে দেয়। তবে খাদিজা কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে মারা যায়। আর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়া রাহিমার মৃত্যু হয় বৃহস্পতিবার বিকালে।

