দেশে প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর এবার করোনা সন্দেহে রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য চট্টগ্রামে দুটি স্কুলকে নির্ধারণ করা হয়েছে। জানা গেছে চট্টগ্রামে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে রোগীদের আলাদা করে রাখার জন্য চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর পি এইচ আমিন একাডেমি এবং চান্দগাঁওয়ের সিডিএ পাবলিক স্কুল প্রস্তুত রাখা হয়েছে।
জানা গেছে, এ দুটি স্কুল পরিদর্শন করবে করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি। এরপর কমিটি কোয়ারেন্টাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
করোনা প্রতিরোধে জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বলেন, ‘কোয়ারেন্টাইনের জন্য স্কুলঘরসহ ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পাশাপাশি বেসরকারি হাসপাতালেও বিশেষায়িত ওয়ার্ড করার সিদ্ধান্ত হয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছে বলে জানান। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তাদের দুজন ইতালিফেরত, বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজন ছাড়া আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

