৭৭৭ দিন পর মুক্তি পেয়ে বুধবার সন্ধ্যায় গুলশানের ফিরোজা ভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আপাতত নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকবেন তিনি।
গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানের ফিরোজা ভবনে দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ইতোমধ্যে তার বাসায় আছেন। তার সঙ্গে ডাক্তার আলোচনা করছেন। আপাতত কিছু দিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টিনে রাখা হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘চিকিৎসকরা এ বিষয়ে (কোয়ারেন্টিন) আলোচনা করবেন। তার সঙ্গে যাতে কেউ দেখা করতে না পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’
খালেদা জিয়ার সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা তার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করিনি। দলের স্থায়ী কমিটির সদস্য সবাই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুকরিয়া আদায় করেছেন যে তিনি বাসায় ফিরেছেন। আমরা ম্যাডামকে জানাতে এসেছি, তার মুক্তিতে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন এখান থেকে উঠে দাঁড়াতে পারেন। আবার রাজনীতিতে আসতে পারেন। সেই কথাগুলোই বলেছি।’
যে শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, তার কোনোটা ভঙ্গ করলে তার মুক্তি বাতিল হয়ে যাবে। এই সময়ের মধ্যে তিনি কোনো রাজনীতি করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘সে প্রসঙ্গে আমরা যাবো না। আমাদের যারা আইনজীবী আছেন তারা এ বিষয়ে কথা বলবেন।’
খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার ছয় সদস্যের একটি মেডিকেল টিম অবস্থান করছেন বলে জানা গেছে। চিকিৎসকরা হলেন, রফেসর ডাক্তার এফ. এফ. রহমান, প্রফেসর ডাক্তার রজিবুল ইসলাম, প্রফেসর ডাক্তার আব্দুল কদ্দুস, প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান, প্রফেসর সিরাজ উদ্দিন ও প্রফেসর ডাক্তার এ. জেড. এম. জাহিদ হোসেন।

