ভক্তরা ভালোবেসে ডাকে জাদুর কৌটা। আর ডাকবে নাই বা কেন, বর্তমান সময়ে তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা ব্রাজিলের এই মাঝমাঠের কারিগর। যার পায়ে জাদুর ছোঁয়া মেলে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই মিডফিল্ডার ফিলিপ কৌটিনহো লিভারপুল থেকে যোগ দিচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার শিবিরে।
ঘটনার সূত্রপাত সিজনের শুরুর গ্রীষ্মকালীন দলবদল থেকে। ২২২ মিলিয়ন ইউরোতে দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র যখন প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমায়, তখন থেকেই দিশেহারা বার্সেলোনা। এক নেইমারের অভাব পূরণ করতে হবে। সেই চেষ্টায় কৌটিনহোকে আনার চেষ্টা করে বার্সেলোনা। সাথে ফরাসী তরুণ ওসমান ডেম্বেলের দিকেও নজর দেয় স্প্যানিশ এই ক্লাবটি।
ডেম্বেলেকে আনতে পারলেও কৌটিনহোকে আনা সম্ভব হয়নি। ব্রাজিলের এই মিডফিল্ডার নিজেও বার্সায় আসার ইচ্ছা প্রকাশ করলেও বাঁধ সাধেন লিভারপুল কোচ ইয়োর্গান কল্প। ‘কৌটিনহো বিক্রয়ের জন্য নয়’ ট্যাগ বসিয়ে দিয়েছিলেন। তিন দফায় চেষ্টা করেও সেবার ফিলিপ কৌটিনহোকে দলে ভেড়াতে ব্যর্থ বার্সেলোনা।
তবে সব নাটকের অবসান হতে চলেছে। শীতকালীন দলদবলের মৌসুম শুরু হতে না হতে আলোচনায় কৌটিনহোর ‘লিভারপুল টু বার্সেলোনা’ দলবদল। অবশেষে নিজেদের লক্ষ্যে অবিচল থেকে ব্রাজিলিয়ান এই স্টারকে দলে ভিড়াতে সফল লা লীগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
একাধিক সূত্র নিশ্চিত করেছে, ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সম্পন্ন হচ্ছে এই দলবদল। বার্সেলোনার জন্য যা রেকর্ড ট্রান্সফার। এমনকি বার্সেলোনায় পৌঁছে গেছেন তিনি, আগামীকাল ক্যাম্প ন্যুতে বসে লেভান্তের বিপক্ষে ম্যাচ দেখবেন বলে জানিয়েছে সেসব সূত্র। আনুষ্ঠানিক ঘোষনা আসতে পারে কিছু সময়ের মধ্যে। লিভারপুলের হয়ে দশ নম্বর জার্সিতে মাঠ মাতালেও বার্সেলোনার হয়ে সাত নম্বর জার্সি উঠতে পারে তার গায়ে।
বার্সেলোনাতে আসলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না তিনি। এক দলের চ্যাম্পিয়ন্স লিগ দলে থাকলে অন্য দলের হয়ে খেলার নিয়ম নেই। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন তিনি। তাই স্পেনে পাড়ি দিলেও, কেবল লা লিগা ও কোপা ডেল রে’তেই অংশগ্রহণ করবেন তিনি।
