রংপুর নগরীর সাতগাড়ার এক ব্যবসায়ীর বাড়িতে শয়নকক্ষের বক্স খাটের ভেতর থেকে টিসিবির প্রায় ১৩শ’ লিটার তেল উদ্ধার করেছে রংপুর নগর পুলিশের গোয়েন্দারা।
বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে এসব তেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) উত্তমপ্রসাদ পাঠক বলেন, দেশের এই ক্রান্তিকালে একটি চক্র সরকারের ন্যায্যমূল্যে বিক্রির পণ্য কালোবাজারে কিনে মজুদ করেছে। ফলে একদিকে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে, আরেক দিকে চড়ামূল্যে বিক্রি করে অধিক লাভ করে অর্থশালী হচ্ছে।
সরকারের ন্যায্যমূল্যে বিক্রির এই তেল কালোবাজারে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখার অভিযোগে ওই বাড়ির মালিক হানিফ মিয়া ও তার সহযোগী লাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দারা।

