চট্টগ্রামের খাতুনগঞ্জে জিরার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম মানভেদে সর্বোচ্চ ৩০ টাকা বেড়েছে। কয়েক মাস ধরে মসলাপণ্যটির দাম তুলনামূলক কম ছিল। এ কারণে লোকসানের আশঙ্কা থেকে স্থানীয় ব্যবসায়ীরা জিরা আমদানি কমিয়ে দিয়েছিলেন।
একদিকে দেশের বাজারে পণ্যটির সরবরাহ সংকট দেখা দিয়েছে; অন্যদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাড়তি দামে জিরা বিক্রি হচ্ছে। এ দুইয়ের জের ধরে পাইকারি পর্যায়ে জিরার দাম বাড়তে শুরু করেছে বলে মনে করছেন খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকরা।
গতকাল খাতুনগঞ্জের মসলার আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা সাধারণ মানের জিরা প্রতি কেজি ৩৭৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি ৩৫০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ২৫ টাকা বেড়েছে। ভারত থেকে চোরাইপথে আসা জিরা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৩৪৫ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বেড়ে এদিন ৩৭০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে সিরিয়া ও তুরস্ক থেকে আমদানি করা জিরার দামও বেড়েছে।
এদিন সিরিয়া থেকে আমদানি করা জিরা প্রতি কেজি ৩৯০-৩৯৫ টাকায় বিক্রি হয়। দুই সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি সর্বোচ্চ ৩৬৫ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা বেড়েছে। একই পরিমাণ দাম বেড়েছে তুরস্ক থেকে আমদানি করা জিরার দামও। গতকাল পণ্যটি প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহ আগেও তুরস্ক থেকে আমদানি করা প্রতি কেজি জিরা সর্বোচ্চ ৩৭০ টাকায় বিক্রি হয়েছিল। অন্যদিকে স্থায়ীয় বাজারে মিষ্টি জিরার দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। এদিন প্রতি কেজি মিষ্টি জিরা ১৭০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহ আগেও পণ্যটির দাম ছিল কেজিপ্রতি সর্বোচ্চ ১৫৫ টাকা।
পরবর্তীতে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে যায়। এর প্রভাব পড়ে পণ্যটির দামে। নিম্নমুখিতা কাটিয়ে বাড়তে শুরু করে জিরার দাম। একই সময় আন্তর্জাতিক বাজারে জিরার বুকিংদর বেড়ে যায়। ফলে বাড়তি দামে জিরা আমদানি শুরু করেন স্থানীয় আমদানিকারকরা
