খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি একটি ভিত্তিহীন খবর বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও জানান, তাদের দলে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। এছাড়াও তিনি মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, আমি খুব পরিস্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখ্রুল বলেন, তাদের সাথে সাক্ষাতের সময়ও খালেদা জিয়া প্যারোলে মুক্তির বিষয়ে কোনো ধরনের আলোচনা করেননি। এরপরও এ বিষয় নিয়ে বাইরের আলোচনা আমাদেরকে বিব্রত করছে বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে, বিএনপির একজন নেত্রী জানান, যেহেতু ৩০শে এপ্রিল সংসদ সদস্যদের শপথ নেয়ার সময় শেষ হয়ে যাবে, সেজন্য বিএনপির নির্বাচিত ৬জনের ওপর একটা চাপ সৃষ্টির জন্য প্যারোলের বিষয়টি সামনে আনা হতে পারে বলে তিনি মনে করেন।
এছাড়াও, এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, প্যারোলে মুক্তি নিলে সেটা বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তাছাড়া, খালেদা জিয়া প্যারোলে গেলে উনার রাজনৈতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি ঘটবে। আর বিএনপি সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে যাবে। কারণ খালেদা জিয়াই তো বিএনপির জন্য ঐক্যের প্রতীক হয়ে আছেন।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য পাওয়া যায় নি।

