খেলাই আসল, উদ্বোধনী অনুষ্ঠান নয়: ফিফা




আইপিএল, আইএসএল-ই হোক বা ক্রিকেট বিশ্বকাপ। ভারতের মাটিতে খেলা মানে শুরুতে জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠান। এবং তাতে তারকা সমাবেশ। এবারই প্রথম ভারতের মাটিতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ অনূর্ধ্ব- ১৭ এর আসর। আর তাই দেশের মাটিতে প্রথম বিশ্বকাপের শুরুটা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু, বাধ সাধল খোদ ফিফা। আয়োজক দেশের তরফে সেই আবেদন তাদের কাছে পৌঁছতেই জানিয়ে দেওয়া হল, ফুটবলের আসরে ও সব চলবে না। ফুটবলটাই আসল।
এ বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত বললেন, ‘একটা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও তা বাতিল করতে হল। ফিফা চাইছে না বলে। ফিফার মতে, ফুটবলটাই আসল। তাই তারা জানিয়েছে, অনুষ্ঠানের কোনও দরকার নেই। যে সময় দেওয়া হয়েছিল, সেই মিনিট কুড়িতে কোনও অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই বাতিল করা হল।’
যদিও আগামীকাল ৬ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত বনাম ইউএসএ-র ম্যাচে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যাচ শুরুর আগে ভাষণও দেবেন। আর ভারতের মাটিতে প্রথম ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করতে, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই শুক্রবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে উজ্জ্বল উপস্থিতি থাকবে ভারতের সেরা পাঁচ অধিনায়কের।
উদ্বোধনী ম্যাচে ইউএসএ-র বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত রয়েছে ভারত। কিন্তু গ্যালারি ভরবে কি? প্রশ্নটা ঘুরছে প্রায় সব ভেন্যুতেই।  বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রায় ২৫ হাজারের উপর টিকিট কিনে নিয়েছে কেন্দ্র সরকার। যে টিকিটে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। এর পরেও গ্যালারি ভরবে কি না সংশয় রয়েছে। ফুটবলের সেই আবেগ এখনও তেমন ভাবে রাজধানী শহর দিল্লিকে স্পর্শ করতে পারেনি। এখনও টিকিট বিক্রি বেশ কম। তার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল! একটা ধাক্কা তো বটেই।
আরও পড়ুন;
বিশ্বকাপ বাছাইপর্ব: শঙ্কা কাটেনি আর্জেন্টিনার
বিশ্বকাপ মূলপর্ব নিশ্চিত জার্মানীর
এক নজরে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব