বেশ কয়েক মাস ধরেই বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যসূচকে ঊর্ধ্বমুখিতা বজায় রয়েছে। এর ধারাবাহিকতায় গত মাসেও বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বেড়েছে আগের মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ। আর আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ।
এ মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম গত ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে খাদ্যপণ্যের গড় মূল্যসূচক বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গম, চাল, চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্য ও দুগ্ধপণ্যের মূল্যবৃদ্ধি। এ সময় চিনির দাম বাড়লেও ভোজ্যতেলের কমেছে। খবর এফএও।
এফএও ফুড প্রাইস ইনডেক্স (এফএফপিআই) প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ে বৈশ্বিক খাদ্যমূল্যের গড় সূচক মান ২ দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ দশমিক ১ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬ পয়েন্ট বা ১০ দশমিক ২ শতাংশ বেশি। ২০১৫ সালের জানুয়ারির পর এটাই বৈশ্বিক খাদ্যপণ্যের সর্বোচ্চ গড় দাম। অর্থাত্ গত মাসে বৈশ্বিক খাদ্যমূল্য বেড়েছে চলতি বছরের জুনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ।
টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের গড় দাম। মূলত চাল, গম, চিনিসহ নানা খাদ্যপণ্য ও দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় এ সময় বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার খাদ্যশস্য উত্পাদনকারী অঞ্চলগুলোয় বিদ্যমান বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে। এসব অঞ্চল থেকে বিভিন্ন খাদ্যপণ্যের সরবরাহ কমার আশঙ্কায় বাজারে দাম বেড়েছে সংশ্লিষ্ট পণ্যের।
এফএফপিআই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মাসে বৈশ্বিক খাদ্যশস্য মূল্যের গড় সূচক মান ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬২ দশমিক ২ পয়েন্টে। জুনে এর পরিমাণ ছিল ১৫৪ দশমিক ৩ পয়েন্ট, যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি। জুনের তুলনায় জুলাইয়ে খাদ্যশস্যের দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। আর আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যবৃদ্ধির হার ১৪ দশমিক ১ পয়েন্ট বা ৯ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময় খাদ্যশস্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে চাল ও গমের। টানা তিন মাস ধরেই পণ্য দুটির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মূলত চলতি বছর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গম উত্পাদনকারী অঞ্চলগুলোয় বিদ্যমান অনাবৃষ্টি ও খরা পরিস্থিতির জের ধরে উত্পাদন ও সরবরাহ হ্রাসের আশঙ্কায় গত মাসে পণ্যটির দাম আকাশ ছুঁয়েছে। এ কারণে জুলাইয়ে বৈশ্বিক গম উত্পাদনের পূর্বাভাস নির্ধারণ করা হয়েছে ৭৩ কোটি ৯৯ লাখ টন, যা জুনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। এছাড়া বিভিন্ন দেশে আমদানি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে চালের। অন্যদিকে এ সময় ভুট্টার দাম কিছুটা কমেছে।
গত মাসে বৈশ্বিক ভোজ্যতেলের দাম কমেছে অনেকখানি। এ সময় এফএওর ভোজ্যতেলের গড় মূল্যসূচক ১ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬০ দশমিক ৪ পয়েন্টে। অর্থাত্ এ সময় বিশ্বব্যাপী ভোজ্যতেলের গড় মূল্য কমেছে ১ দশমিক ১ শতাংশ, যা ২০১৬ সালের আগস্টের পর সর্বনিম্ন। এ সময় শীর্ষ উত্পাদনকারী হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাম অয়েলের উত্পাদন ও দেশ দুটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ ছিল বাড়তির দিকে। এ কারণে পণ্যটির দামও ছিল নিম্নমুখী। অন্যদিকে এ সময় সরিষা ও সূর্যমুখী তেলের বাজারও ছিল নিম্নমুখী।
চলতি বছরের জুলাইয়ে সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখিতায় ছিল দুগ্ধপণ্যের বাজার। এ সময় দুগ্ধপণ্যের গড় মূল্যসূচক মান ৭ দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৬ দশমিক ৬ পয়েন্টে। জুনে দুগ্ধপণ্যের গড় মূল্যসূচক ছিল ২০৯ পয়েন্ট। সে হিসেবে জুলাইয়ে মূল্যসূচক বেড়েছে আগের মাসের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ। জুলাইয়ে দুগ্ধপণ্যের গড় মূল্যসূচক ছিল ২০১৪ সালের পর সর্বোচ্চের কাছাকাছি। এশিয়ার দেশগুলোয় চাহিদা বৃদ্ধির কারণে মাখন, পনির ও ননিযুক্ত গুঁড়ো দুধের দাম বেড়েছে। তবে কমেছে ননিমুক্ত গুঁড়ো দুধের দাম।
আগের মাসের তুলনায় জুলাইয়ে চিনির গড় মূল্যসূচক বেড়েছে চিনির। এ সময় পণ্যটির মূল্যসূচক ১০ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৭ দশমিক ৫ পয়েন্টে। জুনে চিনির গড় মূল্যসূচক ছিল ১৯৭ দশমিক ৩ পয়েন্ট, যা আগের মাসের তুলনায় ৩১ পয়েন্ট কম। জুনের তুলনায় এ মাসে পণ্যটির দাম ৫ দশমিক ২ শতাংশ বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ২৬ শতাংশ। উত্পাদনকারী দেশগুলো বিশেষ করে ব্রাজিল থেকে সরবরাহ বৃদ্ধির কারণে বাজারে পণ্যটির গড় দাম বেড়েছে।
অন্যদিকে এ সময় আমিষ পণ্যের মূল্যসূচক আগের মাসের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। জুনে এ ধরনের পণ্যগুলোর গড় দাম বৃদ্ধির হার ছিল আগের মাসের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ। জুনে আমিষ পণ্যের মূল্যসূচক আগের মাসে তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ১৭৫ দশমিক ২ পয়েন্টে অবস্থান করে।
