পাইকারি বাজারে আমদানি করা গমের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যটির দাম মণপ্রতি সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে গমের দাম বাড়ছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে গমের দাম বাড়তি থাকলেও স্থানীয় বাজারে আটা ও ময়দার দামে নিম্নমুখিতা বজায় রয়েছে। এজন্য পণ্য দুটির বেচাকেনায় বিদ্যমান মন্দাবস্থাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।
গতকাল নিতাইগঞ্জ বাজার ঘুরে আর্জেন্টিনা থেকে আমদানি করা প্রতি মণ ভালোমানের গম ৮০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। কিছুটা নিম্নমানের গম বিক্রি হয় মণপ্রতি ৭৯০ টাকায়। এক মাস আগেও পণ্যটি বিক্রি হয়েছিল মানভেদে ৭৮০-৭৯০ টাকায়। অর্থাত্ এক মাসের ব্যবধানে পণ্যটির দাম মণে সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। এদিন রাশিয়া থেকে আমদানি করা গম মণে ২০ টাকা বেড়ে ৮০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটির দাম মণপ্রতি ৭৮০-৭৯০ টাকায় বিক্রি হয়েছিল।
অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রতি মণ গমের দাম ৯৩০ টাকা থেকে বেড়ে ৯৪৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। পণ্যটির দাম মণে সর্বোচ্চ ১৫ টাকা বেড়েছে। কানাডা থেকে আমদানি করা প্রতি মণ গম মানভেদে ১ হাজার ২০ থেকে ১ হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও পণ্যটি বিক্রি হয়েছিল মানভেদে সর্বোচ্চ ১ হাজার ২০ টাকায়। সেই হিসাবে কানাডা থেকে আমদানি করা প্রতি মণ গমের দাম মানভেদে সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে।
একইভাবে বেড়েছে ব্রাজিল ও ইউক্রেন থেকে আমদানি করা গমের দামও। এদিন ব্রাজিল থেকে আমদানি করা প্রতি মণ গম বিক্রি হয় ৭৭৫ টাকায়। এক মাস আগেও পণ্যটি মণপ্রতি ৭৬০ টাকায় বিক্রি হয়েছিল। অন্যদিকে ইউক্রেন থেকে আমদানি করা প্রতি মণ গম বিক্রি হয় ৭৭০ টাকায়।
এক মাস আগেও পণ্যটি মণপ্রতি ৭৬০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে দুটি পণ্যের দামই মণে যথাক্রমে ১৫ ও ১০ টাকা বেড়েছে। তবে ভারত থেকে আমদানি করা গমের দাম বেশি হওয়ায় সরবরাহ একদমই কম রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ গম ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন মৃধা বণিক বার্তাকে বলেন, অভ্যন্তরীণ চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আমদানি করা গমের দাম বাড়ছে।
এদিকে নিতাইগঞ্জ বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) ভালোমানের আটা ১ হাজার ১৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটি বস্তাপ্রতি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বস্তায় ৭০ টাকা কমেছে। অন্যদিকে এদিন প্রতি বস্তা কিছুটা নিম্নমানের আটা বিক্রি হয় ১ হাজার ১৫০ টাকায়। এক মাস আগে পণ্যটি বস্তাপ্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাত্ মাসাহান্তে পণ্যটির দাম বস্তায় ৫০ টাকা কমেছে। একই চিত্র দেখা গেছে ময়দার বাজারেও।
গতকাল প্রতি বস্তা (৭৪ কেজি) ভালোমানের ময়দা বিক্রি হয় ২ হাজার ৩৫০ টাকায়। এ মাসে পণ্যটির দাম বস্তাপ্রতি ৫০ টাকা কমেছে। অন্যদিকে কিছুটা নিম্নমানের ময়দা বস্তাপ্রতি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। পণ্যটির দাম বস্তায় সর্বোচ্চ ১০০ টাকা কমেছে।
