৫০ হাজার টাকায় এক কিশোরীকে বেচে দেয় বাবা-মা। সেই তালিকায় রয়েছে কিশোরীর প্রেমিকও। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায়।
জানা যায়, ১৭ বছর বয়সী ওই কিশোরীর এখনো বিয়ে হয়নি। কিন্তু এক যুবকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, আর সে কারণেই সেই কিশোরীকে নিয়ে অমানবিক সিদ্ধান্ত নেয় তার বাবা-মা।
এ ঘটনার পরপর অবশ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পরে ওই কিশোরীর বাবা-মা ও প্রেমিককে শিশু পাচার আইনে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর অবশ্য তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পুলিশ বলছে, কিশোরীকে বেচে দেওয়ার পর এক আত্মীয় ওই কিশোরীর বাবাকে বলেন, অনেক কম টাকায় মেয়েকে বেচে দিয়েছ। যেহেতু সে কিশোরী, তাই অন্ততপক্ষে পাঁচ লাখ টাকায় বেচা উচিত ছিল।
পুলিশ জানিয়েছে, এরপরই ওই কিশোরীর বাবা যার কাছে মেয়েকে বিক্রি করেছিলেন, তার কাছ থেকে অতিরিক্ত টাকা চাইতে শুরু করের। অবশ্য সেই টাকা আদায়ের আগেই পুলিশের জালে ধরা পড়ে যান সবাই।

