অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেওয়া মেহজাবিন এবার আসছেন গল্পকারের ভুমিকায়। ‘থার্ড আই’ নামের নাটকটি লিখেছেন নিজে। প্রধান চরিত্র হিসেবেও থাকছেন তিনি।
এটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। সম্প্রতি রাজধানীর উত্তরা ও বনানীতে এর শুটিং শেষ হয়েছে।
এ বিষয়ে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এটা আমার লেখা প্রথম নাটক। নিজের সচেতনতার ভাবনাকে গুরুত্ব দিয়েই এটা লিখা হয়েছে। সময় ও সুযোগ পেলে সামনে আরও লিখার চেষ্টা করবো।’
‘থার্ড আই’ নাটকে মেহজাবিনের পাশাপাশি আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ এটি প্রচার হবে আরটিভিতে।
নাটকের গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নাটকে আমাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। একজন নারী হিসেবে আমি সব সময়ই সচেতন থাকি। বিভিন্ন সময় নারীদের নানা রকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা আমরা প্রায়ই শুনে থাকি। এমনই কিছু ভাবনা থেকে এর গল্প তৈরি করা হয়েছে।’

