গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত




গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত শুক্রবার ‘ল্যান্ড ডে’ বা ভূমি দিবসের ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভে অংশ নেন হাজারো ফিলিস্তিনি। সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই ১৬ জন নিহত হন।
ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকার এবং ভূমি দিবস উদ্‌যাপনের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় ছয় সপ্তাহব্যাপী বিশাল বিক্ষোভ সমাবেশ ডাক দেওয়া হয়েছে। শুক্রবার এই বিক্ষোভ শুরু হয়। আর শুরুর দিনেই এ হতাহতের ঘটনা ঘটল।
এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫০ জন। তবে রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, অত্যন্ত সুরক্ষিত বেষ্টনী থেকে বিক্ষোভকারীদের হটাতে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি ছুড়লে সাড়ে ৭ শর বেশি লোক আহত হন। হতাহতের ঘটনাগুলোর বেশির ভাগই হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। সংঘর্ষে নিহতদের মধ্যে ১৬ বছরের এক বালক আছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।
তারা জানান, শুক্রবার বিক্ষোভ শুরুর আগেই খান ইউনিস শহরের কাছে ২৭ বছর বয়সের এক কৃষকও ইসরায়েলি ট্যাংকের গোলায় নিহত হন।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘যুদ্ধে জড়ানোর উস্কানি দিতেই’ এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে কোনো সহিংসতার জন্য হামাস এবং বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনি সংগঠনগুলোই দায়ী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।
দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, দাঙ্গা-হাঙ্গামা ঠেকাতে সেনারা কেবল সীমান্ত বেষ্টনী ভাঙার চেষ্টাকারীদের লক্ষ্য করেই গুলি ছুড়েছে বলে জানিয়েছে আইডিএফ।
উল্লেখ্য, ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুরুর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ৩০ মার্চকে; ১৯৭৬ সালের এই দিনে ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হন। কর্মসূচি শেষ হওয়ার নির্ধারিত তারিখ ১৫ মে।