গাজীপুরে ১৮৭টি প্রতিষ্ঠানের দেয়ালে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানার


fire @paperslife

গাজীপুরে শিল্প-কারখানা, শপিংমল, মার্কেট, হাসপাতাল ও স্কুল-কলেজসহ ১৮৭টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে ফায়ার সার্ভিস। এসব প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

তালিকা তৈরি পর প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। তালিকাভুক্ত ভবনের দেয়ালে টানিয়ে দেয়া হচ্ছে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানার।

ফায়ার সার্ভিসের তালিকা অনুযায়ী গাজীপুর মহানগর এলাকায় আগুনের ঝুঁকিতে রয়েছে ১৩৩টি ভবন। এছাড়া শ্রীপুরে ১৯টি মার্কেট, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০টি হাসপাতাল এ ঝুঁকিতে রয়েছে। এমনকি ঝুঁকিতে রয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।

এছাড়া মাওনার শাপলা হাসপাতাল, নোভা জেনারেল হাসপাতাল, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল, বাঘের বাজারের কাজী হাসপাতাল, বরমীর এ কে আল শেফা হাসপাতাল, মাওনার মদিনা চক্ষু হাসপাতাল, বেগম আয়েশা হাসপাতাল, ডা. পলাশ মেডিকেল সেন্টার, নিউ লাইফ হাসপাতাল, মাওনা সিটি হাসপাতাল, নিউ পদ্মা হাসপাতাল, অরুণোদয় মেডিকেল হল, দ্য মডার্ন হাসপাতাল, স্বদেশ হাসপাতাল, নয়নপুরের তানিয়া মেডিকেল ও শামীম চক্ষু হাসপাতাল আগুনের ঝুঁকিতে রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, গত বৃহস্পতিবার পাঁচটি প্রতিষ্ঠানের দেয়ালে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখাযুক্ত ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো চান্দনা চৌরাস্তার রহমান শপিংমল, ভোগড়ার ওয়াসিফ নিট কম্পোজিট লিমিটেড, সাসটেক্স বিডি লিমিটেড, মে ফ্যাশন লিমিটেড ও শাপলা ম্যানশন। ব্যানার টানানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আবেদ আলী গার্লস হাইস্কুল, মাওনা সিটি কলেজ, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ, মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও লতিফপুর উচ্চ বিদ্যালয় অন্যতম।

তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের কোনোটি আংশিক, কোনোটি পুরো ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।