কুড়িগ্রামের উলিপুরে ২৮ জন গার্মেন্টস কর্মীকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর সময় এক নাইট কোচ ম্যানেজারের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে, সোমবার (০৪ মে) ভোররাতে পৌর শহরের বাস টার্মিনালে।
জানা গেছে, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ধান কাটার জন্য কৃষি শ্রমিকরা সোমবার ভোররাতে উলিপুর বাস টার্মিনাল থেকে ৫টি নাইট কোচ যোগে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তুতি নেয়।

এরমধ্যে একটি কোচে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সেহের আলীর পুত্র এরশাদ আলী (৩৮) ওই ইউনিয়নের ২৮ জন গার্মেন্টস কর্মীকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর জন্য গাড়ির সিট প্রতি ১ হাজার ২শত টাকার বিনিময়ে গভীর রাতে উলিপুর বাস টার্মিনালের কর্ণফুলী গাড়িতে তুলে দেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ তা জানতে পেরে পুলিশ নিয়ে বাস টার্মিনালে অভিযান চালান। এ সময় নকল কাগজপত্র তৈরি করে ২৮ জন গার্মেন্টস কর্মীদের কৃষি শ্রমিক সাজানোর অপরাধে কর্ণফুলী নাইট কোচের ম্যানেজার এরশাদ আলীসহ যাত্রীদের আটক করেন।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এরশাদ আলীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক যাত্রীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

