আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশে আবারও গুমের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এই আশঙ্কার কথা ব্যক্ত করেছে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি।
গত শুক্রবার তারা নিজেদের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি বিবৃতিতে আলাদাভাবে জানিয়েছে এইচআরডব্লিউ। বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, গুম এবং গোপনে আটক বাংলাদেশের মানুষের জন্য একটি আতঙ্কের বিষয় হয়ে গেছে। তাঁদের আশঙ্কা, কোনো সমালোচনা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রশাসনের পক্ষ থেকে দুয়ারে করাঘাত হতে পারে।
অ্যাডামস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তৃতীয় দফা মেয়াদের শেষ ধাপে উপনীত হচ্ছেন। আক্রান্ত পরিবারগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়া এই সমস্যা সুরাহা করতে একটি নিরপেক্ষ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা উচিত।
চিঠিতে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশে অন্তত ৮০টি গুমের ঘটনা গণমাধ্যমে এসেছে। এদের মধ্যে পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৭ জন। আর ১৭ জন এখনো নিখোঁজ। তবে প্রকৃত গুমের ঘটনা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা হয়তো গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
গুম বাংলাদেশের জন্য অন্যতম উদ্বেগের বিষয় উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেসব ব্যক্তি ‘গুম’ হয়েছেন বলে অভিযোগ রয়েছে তাঁদের সন্ধান ও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। একই সঙ্গে গুমের এই প্রবণতা এখনই থামাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন;
অনেকে স্বেচ্ছায় ‘নিখোঁজ’ হয়ে বিব্রত করছে সরকারকে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে রাজনীতিতে সব দলের অংশগ্রহণ এখনো চ্যালেঞ্জ: ইইউ
