এক গৃহকর্মীর লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগ এনে রাজধানীর বনশ্রীতে ওই বাড়িতে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়েছে স্থানীয়রা।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিক্ষোভকারীরা শুক্রবার বিকালে বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা বাড়ি প্রায় দুই ঘণ্টা ঘিরে রাখে এবং একটি গাড়ি পুড়িয়ে দেয়। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ানকেও পুলিশ আটক করেছে।
মুন্সী মইন উদ্দিনের বাড়ির গৃহকর্মী লাইলী আক্তারকে (২৫) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মইন উদ্দিন হাসপাতালে পুলিশের কাছে দাবি করেন, সকালে বাসায় কাজ করতে এসে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন লাইলী। ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়ানা প্যাঁচানো অবস্থায় লাইলীকে দেখতে পান।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, লাইলীর গলায় কালো দাগ ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
কিন্তু লাইলী আক্তারকে কুপিয়ে হত্যার গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় নিম্ন আয়ের মানুষ বিকালে ওই বাড়ির সামনে জড়ো হয়ে ঢিল ছুড়তে শুরু করে। তারা বাড়ির ফটক ভাঙার চেষ্টা করে এবং সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয়।
পুলিশ ওই বাড়ির সামনে থেকে জনতাকে সরানোর চেষ্টা করলেও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছোড়ে।
পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও সন্ধ্যায় শত শত মানুষকে ওই বাড়ির সামনের রাস্তায় ভিড় করে থাকতে দেখা যায়। বাড়ির মালিক মইন উদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে নানা অভিযোগের কথা তারা সাংবাদিকদের বলেন।
রুবি নামের এক নারী জানান, তিনিও এক সময় মইন উদ্দিনের বাড়িতে কাজ করতেন। তিন মাস কাজ করার পর তাকে কোনো টাকা দেওয়া হয়নি। এরকম অনেককেই টাকা না দিয়ে বের করে দেওয়া হয়েছে। মইন উদ্দিনের বাড়িতে কাজ করতে গিয়ে মারধরের শিকার হওয়ার কথাও বলেন বাড়ির সামনে জড়ো হওয়া নারীদের অনেকে। লাইলীকে ‘হত্যার পর আত্মহত্যা বলে চালানের’ চেষ্টা হচ্ছে অভিযোগ করে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
