গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মূল হোতা আবুল কালাম আজাদ (২৮) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের কানাইঘাটে। এ ঘটনায় রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ কে গ্রেফতার করে পুলিশ। সে কানাইঘাট উপজেলার ব্রাহ্মনগ্রামের নূর উদ্দিনের ছেলে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত ২ জুলাই রাতে কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে আবুল কালাম আজাদ ও মুক্তার হোসেন নামের দুই যুবক তাকে ধর্ষণ করে। খবর পেয়ে সিলেটের পুলিশ সুপার ধর্ষকদের গ্রেফতারে কানাইঘাট থানা পুলিশকে নির্দেশ দেন।
তিনি আরও জানান, এরপর সহকারী পুলিশ সুপার আবদুল করিমের তত্ত্বাবধানে ও কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহার নেতৃত্বে একাধিক টিম অভিযানে নামে। ধর্ষণের ঘটনায় কানাইঘাট থানায় মামলা হয়েছে।

