করোনার কারণে বিশ্বের সকল দেশের মতো আমাদের দেশও স্থবির। স্থবির দেশের সোবিজ অঙ্গনও। ঠিক এমন সময় গত ১২ মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়েতে উপস্থিত ছিলেন এই অভিনেত্রীর একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। তবে তাদের সেই বিয়ে ভেঙে যায় ২ বছরের মাথায়।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক আতিকুর রহমান জনের সঙ্গে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিংও করতেন। শখের দ্বিতীয় বিয়ে হলেও জনের প্রথম বিয়ে, এমনটাই জানান জনের বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ এক বন্ধু।
শখের ঘনিষ্ঠ সূত্রটি আরো জানান, ঈদের পর বিয়ের খবর ঘটা করে সবাইকে জানাতে চান জন-শখ দম্পতি।
উল্লেখ্য, বিয়ে প্রসঙ্গে সখের মতামত জানতে তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তারও কোন উত্তর পাওয়া যায়নি।

