গোপনে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে ইসরায়েল




মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই দীর্ঘদিন ধরে লুকিয়ে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি এবং তাদের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ইসরায়েল।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল অভিযান চলছে—এ তথ্য এখন আর অজানা নেই। এমন সময়ে দেশটিতে ইসরায়েল অস্ত্র পাঠাচ্ছে বলে অভিযোগ তুলেছেন মানবাধিকারকর্মীরা।

 ইসরায়েলের সরকারি নথি অনুযায়ী, তারা মিয়ানমারের সেনাবাহিনীর কাছে সশস্ত্র নৌযান, বন্দুক এবং নজরদারির যন্ত্রপাতি বেচেছে। এ ছাড়া ইসরায়েলের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে মিয়ানমারে বিশেষ বাহিনী। এর প্রতিবাদে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়ে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ৩০ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্টের বাইরে প্রতিবাদ সমাবেশ করা হবে।

ইসরায়েলি কোম্পানিগুলোর প্রায় ১৩০টি দেশে অস্ত্র রপ্তানি করার অনুমতি আছে। মানবাধিকারকর্মীদের ধারণা, গোপনে আরও দেশে ইসরায়েল অস্ত্র রপ্তানি করছে।

এ বিষয়ে মানবাধিকারবিষয়ক ইসরায়েলি আইনজীবী ইটে ম্যাক বলেন, ‘অনেক পশ্চিমা রাষ্ট্র অস্ত্র বিক্রি করে। কিন্তু ইসরায়েলের যে বিষয়টি একেবারে আলাদা, তা হলো যেখানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হয়, সেখানে আপনি ইসরায়েলের প্রেসিডেন্টকে পাবেন।’… ‘যে কোম্পানিগুলো অস্ত্র বিক্রি করছে, যে কর্মকর্তারা নীরবে এই বাণিজ্য অনুমোদন করছেন, তাঁদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। নইলে, কীভাবে তা বন্ধ হবে?’

 ইসরায়েলের ওপেন ইউনিভার্সিটির গণহত্যাবিষয়ক গবেষক ইয়াইল অউরুন বলেন, ‘এই অস্ত্র বিক্রি আমাকে ও সব ইসরায়েলিকে অপরাধী বানিয়েছে।’ কারণ, সেগুলো ইসরায়েল থেকে যাচ্ছে।

রাখাইনে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত ছয় লাখের মত রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছে, রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সেনা সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে, নারীরা হচ্ছেন ধর্ষণের শিকার। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, অভিযান শুরুর পর এক মাসেই ২৮৮টি রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়ার প্রমাণ পেয়েছে তারা। মিয়ানমারের নেত্রী সু চি সেনাবাহিনীর এই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে বর্ণনা করলেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।