গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার শরীর থেকে হাত বিচ্ছিন্ন এবং ১০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা সফরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন।
পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই শিক্ষিকাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক।
এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালের আহত রোগীদের খোঁজ খবর নেন।

