গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারেন বার্থডে গার্ল টাবু




সিনেমায় কষ্টের দৃশ্যে কেঁদে বুক ভাসাচ্ছেন অভিনেত্রী। তার এই কান্না দেখে আপনারও কান্না পাচ্ছে। কিন্তু আপনি জানেন এই কান্না সত্যি নয় গ্লিসারিনের কারসাজি। তবে কিছু অভিনেত্রী বা অভিনেতার ক্ষেত্রে শোনা যায় তারা নাকি গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারেন।
এরকমই একজন অভিনেত্রী টাবু। অন্য ধারার অভিনয়ে চিরকালই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন টাবু। একের পর এক জুটি বেঁধেছেন বিভিন্ন নায়কের সঙ্গে। পেয়েছেন দর্শকের প্রশংসাও। তবে তবুও এই অভিনেত্রীর অনেক কথাই অজানা। আসুন টাবু সম্পর্কে এরকম আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেই;
১) শিশুশিল্পী হিসেবেই বলিউডে প্রথম পা রাখেন তব্বু। ১৯৮২-তে সাগর সরহদির ফিল্ম ‘বাজার’-এ একটি ছোট রোলে দেখা গিয়েছিল ১০ বছরের টাবুকে।১৯৮৫-এর ফিল্ম ‘হাম নওজওয়ান’-এ দেব আনন্দের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
২) তবসুম ফতিমা হাশমিকে চেনেন কি? জামাল ও রিজওয়ানা হাশমির মেয়ে আর শাবানা আজমির ভাইঝি অবশ্য দর্শকদের কাছে টাবু নামেই বেশি পরিচিত।
৩) বলিউডে বহু নবাগতার প্রথম হিরো ছিলেন ঋষি কপূর। টাবুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ১৯৯৪-এ ঋষির বিপরীতে ‘পহেল পহেলা প্যায়ার’-এ প্রথম হিরোইনের রোল করেন টাবু।
৪) ‘মাচিস’ আর ‘চাঁদনি বার’-এ জাতীয় পুরস্কার জেতার বহু আগে থেকেই বহু ফিল্মেই নজর কেড়েছেন টাবু। গ্লিসারিন ছাড়াই অন-স্ক্রিন কাঁদতে পারেন তিনি।
৫) নন-ভেজ নন, ভেজিটেরিয়ান খাবার খেতেই পছন্দ করেন টাবু। তবে স্ন্যাক্‌সের মধ্যে সিঙারা খুবই ভালবাসেন। আর স্ট্রিট ফুড বলতে তো একেবারে জিভে জল আসে টাবুর।
৬) ১৯৯৫-এর ফিল্ম প্রেম’-এ সঞ্জয় কপূরের হিরোইন ছিলেন টাবু। মজার কথা কি জানেন, ফিল্মটি তৈরি হতে লেগেছিল প্রায় আট বছর। আর ওই ফিল্মেই তব্বুর ডেবিউ করার কথা ছিল।
৭) হিন্দি, উর্দু ও ইংরেজি ছাড়াও তেলগু ভাষাতেও সাবলীল টাবু।