ঘুরতে গিয়ে করোনা হলে তিন হাজার ডলার পুরস্কার


Corona #paperslife

ভ্রমণের সময় যদি কেউ ক রোনাভাইরাসে আক্রান্ত হয়, তাহলে তিনি পাবেন তিন হাজার ডলার (২ লাখ ৬০ হাজার টাকা)। এমনই এক ঘোষণা দিয়েছে উজবেকিস্তান।

পর্যটক টানতে সম্প্রতি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজায়োইয়েভ অভিনব এ পুরস্কারের ঘোষণা করেছেন। গত ২৩ জুন উজবেকিস্তানের প্রেসিডেন্ট এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন।

উজবেকিস্তান ইতোমধ্যে ‘সেফ ট্রাভেল গ্যারান্টিড’ (নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা) শীর্ষক প্রচারণা শুরু করেছে।

তিন হাজার ডলার পেতে অবশ্যই উজবেকিস্তানের স্থানীয় ট্যুর গাইড নিয়ে ভ্রমণ করতে হবে। গাইড, হোটেল ও পর্যটন স্পটগুলোর স্থানীয় সরকারের কাছ থেকে পাওয়া সনদ থাকতে হবে। সামাজিক দূরত্বসহ সব ধরনের সুরক্ষা ব্যবস্থা মেনে চলার কথা উল্লেখ থাকবে এতে।

কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মানলে কিংবা জীবাণু সংক্রমণের উৎস প্রমাণিত হলে পর্যটকদের চিকিৎসা ব্যয় বহন করতে হবে তাদের। উজবেকিস্তান শুধু কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর পর্যটকদের বেড়ানোর সুযোগ দিচ্ছে। এর মধ্যে আছে চীন, ইসরাইল, জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য ও ইউরোপ থেকে যাওয়া সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত মার্চের মাঝামাঝিতে লকডাউনে গিয়েছিল উজবেকিস্তান। বিশ্বে সবচেয়ে কম করোনা আক্রান্ত দেশগুলোর অন্যতম এটি। তিন কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৮ হাজার ৩১ জন। মারা গেছেন ২২ জন।