চট্টগ্রামের বোয়ালখালীতে জাকাতের টাকা বিতরণ নিয়ে সংঘর্ষে নাছের (৪০) নামের এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। তার বাবা আলী মদনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫ মে) মধ্যরাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। এ ঘটনায় পুলিশ শওকত ও জসিম নামে দুই জনকে আটক করেছে বলে জানান ওসি।
ওসি জানান, শুক্রবার রাতে নিজ গ্রামে জাকাতের টাকা বিতরণ করছিলেন এক ধনাঢ্য ব্যক্তি। নিহত নাছেরের ছোট ভাই লোকমান ও গ্রেফতার জসিম জাকাত প্রদানকারীর সঙ্গে ছিলেন। সেখানে লোকমান ও জসিমের মধ্যে ঝগড়া হয়। লোকমান জসিমকে ঘুষি মারে। তখন জসিমের বড় ভাই শওকত এবং লোকমানের বাবা-ভাইয়েরা ঘটনাস্থলে আসেন।
এ নিয়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে শওকতের গুলিতে নাছের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। নাছেরকে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।’
ওসি আব্দুল করিম বলেন, নাছের ও শওকত প্রতিবেশি। তাদের মধ্যে পুরনো কিছু ঝামেলা চলে আসছিলো। দু’জনকে আটক করেছি। অন্যদের আটকে অভিযান চলছে।

