দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যেই এবার চট্টগ্রামে একজন পুলিশ কনস্টেবলসহ আরও ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
গতকাল বুধবার বিআইটিআইডির ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষার মধ্যে ওই ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
বিআইটিআইডিতে গতকাল বুধবার পর্যন্ত দুই হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ রোগী পাওয়া গেছে ১১৩ জনের। এরমধ্যে চট্টগ্রাম নগর ও জেলায় রয়েছে ৬৯ জন। মারা গেছে পাঁচজন।
গতকাল বুধবার রাতে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বুধবার মোট নমুনা পরীক্ষার মধ্যে পাঁচজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে নগরে আক্রান্ত ৪ জন। ফেনীতে একজন।
জানা যায়, আক্রান্ত চারজনের মধ্যে দামপাড়া পুলিশ লাইন্সের ৩০ বছর বয়সী একজন কনস্টেবল রয়েছে। ওই পুলিশ সদস্য বর্তমানে পুলিশ হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি আছেন। এনিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ১০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এছাড়া অপর তিনজন হলেন নগরীর কালু শাহ নগর এলাকার ৫০ বছর বয়সী একজন, ইপিজেড এলাকার ৫২ বছর বয়সী একজন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ৪৫ বছর বয়সী একজন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলে পুরুষ।
