বিপিএলর পঞ্চম আসরের সেরার মঞ্চে মুখোমুখি হয়েছিল ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। বলা যায় লড়াইটা যেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজার মধ্যে। তবে শেষ হাসিটা হাসলেন মাশরাফি।
বলা যায়, বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি। আগের চার আসরের প্রথম তিনবারই তিনি শিরোপাজয়ী অধিনায়ক। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১ উইকেটে ২০৬ রান করে রংপুর। দলের পক্ষে ক্রিস গেইল ৬৯ বলে ১৪৬ রান করেন। তার ইনিংসে ৫টি চার এবং ১৮টি ছক্কা ছিলো।
এছাড়া ম্যাককালাম ৪৩ বলে অপরাজিত ৫১ রান করেন।
এবারের ফাইনালে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮টি ছক্কা মারেন রংপুর রাইডার্সের গেইল। ফলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি।
অবশ্য নিজের রেকর্ড ভেঙ্গেই নয়া বিশ্বরেকর্ডের জন্ম দিলেন গেইল। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ২০১৩ সালে করেছিলেন গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে ৬৬ বলে ১৩টি চার ও ১৭টি ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। আজ ছক্কায় রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ৬৯ বলে ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছক্কার পাশাপাশি ৫টি চারও মারেন তিনি।
জবাবে ঢাকা ডায়নামাইটস ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। ঢাকার পক্ষে কেউই খুব একটা প্রভাব ফেলতে পারেননি।
তারকায় ঠাসা ঢাকা ডায়নামাইটস এবার টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ছিল ফেভারিট। প্রাথমিক পর্বে পথচলা যদিও অপ্রতিরোধ্য ছিল না, তবে বাদ পড়ার শঙ্কাও জাগেনি ততটা। বরং প্রাথমিক পর্বে দ্বিতীয় হয়ে প্রথম কোয়ালিফায়ার জিতে আগে ফাইনালে উঠে যায় তারাই।
রংপুর এবার চমক দেখিয়েছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। যদিও প্রাথমিক পর্বে প্রত্যাশার প্রতিদান ততটা দিতে পারেননি দুই বিস্ফোরক ব্যাটসম্যান। রংপুরও ধুঁকেছে টুর্নামেন্টের অনেকটা জুড়ে। ব্যাটে-বলে মাশরাফির অসাধারণ পারফরম্যান্স, শ্রীলঙ্কান থিসারা পেরেরা অলরাউন্ড নৈপুণ্য আর মাশরাফির নেতৃত্ব গুণ মিলিয়ে টিকে থাকে রংপুর। ঘুরে দাঁড়িয়ে শেষ দল হিসেবে নিশ্চিত করে শেষ চার। এরপর এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ওঠে ফাইনালের মঞ্চে। অধিনায়ক মাশরাফির চতুর্থ ফাইনাল হলেও তার এবারের দল রংপুর ফ্র্যাঞ্চাইজির প্রথম ফাইনাল।
