খুব বাজেভাবে শেষ হলো টেস্ট সিরিজ। ২১৫ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে জয় তুলে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারের প্রলেপে লেপ্টে থাকা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা করা হয়েছে।
দলে চমক থাকছে, বলে আগেই ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই চমকে পাঁচ নতুন মুখ জায়গা করে নিয়েছে দলে। ফিরছেন সাকিব আল হাসান। ইনজুরি কাটিয়ে দলকে নেতৃত্ব দেবেন তিনি। বিপিএলে সাফল্য অনেকের ভাগ্যের দুয়ার খুলে দিচ্ছে এই সিরিজে।
বিপিএল সাফল্যের ফলস্বরূপ হিসেবে জায়গা পেয়েছেন খুলনা টাইটান্সের হয়ে খেলা আফিফ হোসেন ধ্রুব, আরিফুল হক ও আবু জায়েদ রাহি। রাজশাহী কিংসের হয়ে খেলা জাকির হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মেহেদি হাসানও ডাক পেয়েছেন দলে।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি দলে থাকা ৭ ক্রিকেটারের জায়গা হয়নি লঙ্কানদের বিপক্ষে। তারা হলেন- ইমরুল কায়েস, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের।
দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৫ ও ১৮ই ফেব্রুয়ারি।
প্রথম ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।
