আসামির ভিডিওতে আবারো আলোচনায় সালমান শাহ'র মৃত্যু




বাংলাদেশের চলচ্চিত্রে এক অনন্য নিদর্শন স্থাপন করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ যা আজও এদেশের মানুষের মনে জায়গা করে রেখেছে। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। আজ এতবছর পর সেই মামলার নতুন তথ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদেশের মিডিয়ায়।
তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন তার স্ত্রী সামিরা। দুই দশকেও সে মামলার রহস্য উদঘাটন হয়নি। পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যা বলেছিলো। কিন্তু রাজি না, এমন ভিত্তিতে আবেদন করেছে সালমান শাহের পরিবার। এই মামলাটি বিচার বিভাগীয় তদন্তও হয়েছিলো, যা এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে রয়েছে। মামলার ১১ জন আসামীর মধ্যে একজন ছিলেন রাবেয়া সুলতানা রুবি। এই রুবির এক ভিডিওতেই নতুন মোড় নিচ্ছে সালমান শাহ এর হত্যা মামলার।
আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবি সম্প্রতি নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিও বার্তা ছেড়েছেন, যা এখন ইউটিউবেও পাওয়া যাচ্ছে। এতে তিনি দাবি করে বলেছেন, ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার হাজব্যান্ড (জন) এইটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এইটা সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডরে দিয়ে, সবাইরে দিয়ে সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে।’
সালমান শাহের মা নীলা চৌধুরীর উদ্দেশ্যে ভিডিওতে তিনি বলেছেন, ‘ভাবী, আপনার ছেলেরে খুন করা হইছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবী, নাইলে আমারেও মেরে ফেলতো এরা সবাই মিলে। লুসি, আমার হাজব্যান্ড জন, সবাই মিলে আমার বাচ্চাটা, আমার বাচ্চা রিকি আর আমার জানের ওপর অনেক জিনিস আছে ভাবী। দয়া করে কিছু করেন ভাবী, কিছু করেন, কিছু করেন। যেখানেই যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিলো, ইমন আত্মহত্যা করে নাই। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবী, সালমান শাহ আত্মহত্যা করেনাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলেরে খুন করানো হইছে। আমার বাপরেও মনে হয় মাইরা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারেও মাইরা ফেলছে মনে হয়।’
তবে মনে প্রশ্ন জাগে, কে এই রুবি? রুবি সম্পর্কে কিছুটা জানা গেছে সাংবাদিক সুপন রায়ের লেখা  ‘সালমান শাহ অজানা কথা’ বই থেকে। রুবি, তার পরিবার ও সালমান শাহ তথা সামিরার পরিবারের সঙ্গে রুবির সম্পর্ক নিয়ে কিছু বর্ণনা পাওয়া গেছে বইটিতে। রুবিকে নিয়ে বিতর্ক বহু আগে থেকেই। সালমান জীবিত থাকাকালে রুবিকে তার ফ্ল্যাটে কখনো না আসার নির্দেশ দিয়ে বের করে দেন। সালমানের মায়ের সাথেও সেই থেকে রুবির মন কষাকষি চলতে থাকে। অভিযোগ আছে, এর কথা ওর কানে, ওর কথা এর কানে লাগিয়েছেন। তার ইচ্ছে ছিলো আমেরিকা পড়ুয়া ছোট ভাইয়ের জন্যে সামিরাকে স্ত্রী করে ঘরে তুলবেন। সেই স্বপ্ন মিথ্যে হয়ে হয়ে গেলো সালমান-সামিরার বিয়েতে। সুস্পষ্ট অভিযোগ আছে, সালমান-সামিরার দাম্পত্য কলহে তার ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। সালমানকে তিনি দেখে নেবেন, এ রকম কথাও তিনি বলেছেন অনেকের কাছে। তবে এতবছর পর রুবির ভাইরাল হওয়া ভিডিওটি নতুন তথ্য দিচ্ছে।
রুবির ভিডিও বার্তাটি দেখেছেন সালমানের গর্ভধারিনী নীলা চৌধুরী। তিনি এখন লন্ডনে ছোট ছেলে শাহরানের কাছে। ৭ আগস্ট ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
একাধিক পোস্ট-এ নীলা চৌধুরী লিখেছেন, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান, বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন।’
এদিকে তিনি সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর দিতে অনুরোধ করেন। সালমান শাহর মৃত্যুর দুই বছর পর সামিরা পুনরায় বিয়ে করেন।
তবে রুবির বক্তব্যের বিষয়ে সামিরার বাবা শফিকুল হক বলেন, ‘রুবি যে অভিযোগ করেছেন, তা ঠিক নয়। আর এতদিন পর রুবি কেন কথা বলছে, তাও বোধগম্য নয়। সালমান শাহর মৃত্যুর পর বিভিন্ন সংস্থা তদন্ত করেছে, সে সময় তিনি কেন তাদের কাছে এই বর্ণনা দেননি।” তিনি আরো জানান বলেন, “ভালো পরিবারে বিয়ে হয়েছে আমার মেয়ের। সেরকম কিছু হলে কি কোনো ভালো পরিবার আমার মেয়েকে তাদের ঘরে নিত?’
সালমানের মৃত্যুর ঘটনার পর দীর্ঘ সময়ে বেশ কয়েকবার আত্মহত্যা বলে আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হলেও সালমানের পরিবার বারবারই নারাজি আবেদন করে পুনঃতদন্ত চাওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে গত বছর তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয় আদালত। সালমান শাহকে কী কারণে হত্যা করা হয়েছিল, সেই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি রুবির ভিডিও বার্তায়। সালমান শাহর মৃত্যু তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি। ভিডিও বার্তায় নিজের প্রাণ সংশয়ের আশঙ্কাও করেন রুবি।