চিটাগংয়ের বিপক্ষে জয় পেল কুমিল্লা




ইনজুরি কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে কুমিল্লার এ ওপেনারের প্রত্যাবর্তনটা সুবিধার হয়নি। মাত্র ৪ রানেই দিলশান মুনাওয়ারের বলে ফিরতে হয়েছে। তামিমকে হারিয়ে শুরুতেই চাপে পড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এরপর টেনে তোলেন লিটন দাস এবং ইমরুল কায়েস।
মুনাওয়ারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে লিটন করেন ২১ রান। এরপর জস বাটলারের সঙ্গে জুটি বেঁধে দলের জয়কে সহজ করে দেন ইমরুল। বাটলার ৪৪ এবং ইমরুল করেন ৪৫ রান। অধিনায়ক মোহাম্মাদ নবী ব্যাটে নামলেও কোন রান করার দরকার পড়েনি। মরলন স্যামুয়েলসের অপরাজিত ১৭ রানে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।
এরআগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক মোহাম্মদ নবী। চিটাগংয়ের দুই ওপেনার লুক রঞ্চি এবং সৌম্য সরকার ভালো শুরুটা ভালোই করেন। ৩১ রানে রঞ্চি ফিরে যাওয়ার পর রানের চাকা শ্লথ হয়ে পড়ে। সৌম্য রানে ফিরলেও ব্যাটিং করেছেন ধীর গতিতে। মোহাম্মাদ নবীর বলে লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার আগে এ বাঁহাতি করেন ৩২ বলে ৩০ রান। দিশলান মুনাওয়ারে করেন ২৫ বলে ১৯। শেষ পর্যন্ত অধিনায়ক মেসবাহ ১৬ এবং ক্রিস জর্ডান অপরাজিত থাকেন ১৬ রানে।
উইকেট হাতেই ছিলো তবে ঝড় তুলতে পারেননি ব্যাটসম্যানরা। চিটাগংয়ের ইনিংস শেষ হয় ৪ উইকেটে ১৩৯ রানে। এ জয়ে ৪ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা। সমান সংখ্যক ম্যাচে শীর্ষে থাকা ঢাকার পয়েন্টও ৬। তাবে নেট রান রেটে এগিয়ে আছে সাকিব আল হাসানের দল।
স্কোর: চিটাগং ১৩৯/৪ (রঞ্চি ৩১, সৌম্য ৩০; রশিদ খান ১৭/১) কুমিল্লা ১৪০/৪ ( ইমরুল ৪৫, বাটলার ৪৪; মুনাওয়ারে ১৭/২) কুমিল্লা ৬ উইকেটে জয়ী।