কিছুদিন থেকে আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতায় রয়েছে চিনির দাম। মূলত শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলে পণ্যটির বাড়তি উৎপাদন সম্ভাবনার খবরে দাম কমতির দিকে রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপে পণ্যটির বাড়তি উৎপাদনের সম্ভাবনা। ফলে পণ্যটির বাজারদরে নিম্নমুখী প্রবণতা আরো কিছুদিন চলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চিনি উৎপাদনে আখের পাশাপাশি কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সুগার বিট। ২০১৭-১৮ মৌসুমে ফ্রান্সে পণ্যটির উৎপাদন ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির খামারবিষয়ক মন্ত্রণালয়।
পূর্বাভাসে বলা হয়, এ মৌসুমে দেশটিতে ৪ কোটি ৪ লাখ ৭৯ হাজার টন সুগার বিট উৎপাদন হতে পারে, যা গত মৌসুমের তুলনায় ৬০ লাখ টন বেশি। ফলে দেশটিতে চিনি উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে জার্মানি ও ব্রিটেনেও পণ্যটির উৎপাদন বাড়ছে বলে জানানো হয়েছে। জার্মানির সুগার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ৩ কোটি ১৪ লাখ ৮০ হাজার টন সুগার বিট উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ২৭ শতাংশ বেশি। এ কারণে দেশটিতে চিনি উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২৩ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে ব্রিটেনে পণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় বেড়ে দাঁড়াবে ১৪ লাখ টনে।
এর জের ধরে ২০১৭-১৮ মৌসুমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় সম্মিলিতভাবে চিনি উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ইইউভুক্ত দেশগুলোয় সম্মিলিতভাবে ২ কোটি ১ লাখ টন চিনি উৎপাদন হতে পারে।
