চীনের শক্তিশালী জিডিপির প্রভাব এশিয়ার বাজারে




চীনে প্রত্যাশার চেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রভাব ফেলেছে এশিয়ার শেয়ারবাজারে। যার ফলে গতকাল এশিয়ার শেয়ারবাজার দুবছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
একই সঙ্গে এশিয়ার বাজারের চেয়ে যুক্তরাষ্ট্রের স্থিতিশীল বাজার পিছিয়ে যাওয়ায় ভবিষ্যতে মুদ্রানীতি কঠোরের বিষয়ে সতর্ক রয়েছে ফেডারেল রিজার্ভ (ফেড)।
রয়টার্সে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় মজবুত প্রবৃদ্ধির দেখা পেয়েছে। দেশটির শক্তিশালী শিল্প উত্পাদন, খুচরা বিক্রি ও রফতানির সুবাদের প্রবৃদ্ধি দ্রুতগতি অর্জন করেছে। দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছিল। এর ফলে চীনের ব্লু-চিপস কোম্পানিগুলো তাদের পুরনো ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়েছে।
চীনের শক্তিশালী অর্জনের পর জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত এমএসসিআই সূচক সকালের লেনদেনে দশমিক ৩ শতাংশ ঊর্ধ্বগতি অর্জন করেছে। ছুটি থাকায় জাপানের বাজার বন্ধ ছিল। এদিকে অস্ট্রেলীয় শেয়ারে দশমিক ২ শতাংশ পতন ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে দশমিক ৪ শতাংশ উলম্ফন দেখা গেছে।
সকালের লেনদেনে চীনা শেয়ারে ২ শতাংশের বেশি পতন দেখা যায়। পরবর্তীতে শক্তিশালী জিডিপি পরিসংখ্যান বিনিয়োগকারীদের ব্লু-চিপসে বিনিয়োগে উত্সাহিত করায় প্রধান সূচকগুলো তাদের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়।
অবশ্য এশিয়ার পাশাপাশি ইউরোপীয় বাজারেও ইতিবাচক শুরুর আভাস পাওয়া গেছে। এর মধ্যে ব্রিটেনের এফটিএসই ১০০ এবং জার্মানির ডিএএক্স দশমিক ২ শতাংশ ঊর্ধ্বগতি দিয়ে শুরু হওয়ার প্রত্যাশা করছে যুক্তরাজ্যভিত্তিক সিএমসি মার্কেট। পাশাপাশি ফ্রান্সের সিএসি ৪০তে দশমিক ১ শতাংশ ঊর্ধ্বগতি দিয়ে দিন শুরুর আশা করা হচ্ছে।
এদিকে শুক্রবার ওয়াল স্ট্রিট শক্তিশালী অবস্থানে ছিল। তবে এশিয়ার বাজার ওয়াল স্ট্রিটকেও ছাপিয়ে গেছে। জুনে যুক্তরাষ্ট্রের অপরিবর্তিত ভোক্তামূল্য ও টানা দ্বিতীয় মাসের মতো খুচরা বিক্রির পতনের কারণে ডাউ ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছে। একই সঙ্গে তা দ্বিতীয় প্রান্তিকে নিস্তেজ মূল্যস্ফীতি ও প্রত্যাশিত শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি না হওয়ার আভাস দিচ্ছে। এ পরিস্থিতি ফেডের নীতিনির্ধারকদের আরো সতর্ক করে তুলেছে। পরিসংখ্যান প্রকাশের পর ডিসেম্বরে ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনা কমে ৪৩ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে, যা বৃহস্পতিবার ছিল ৫৫ শতাংশ।