চীনে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং




মেমোরি চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে স্যামসাং। এ লক্ষ্যে আগামী তিন বছরে চীনে প্রায় ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।
স্যামসাং ইলেকট্রনিকসের পক্ষ থেকে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে স্যামসাং জানায়, বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে ব্যবসা জোরদারে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর সিয়ানে অবস্থিত কারখানায় এনএএনডি মেমোরি চিপ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেয়া এক নথিতে স্যামসাং জানায়, তারা এরই মধ্যে প্রত্যাশিত ৭০০ কোটি ডলারের মধ্যে ২৩০ কোটি ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছে।
স্যামসাং গত জুলাইয়ের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৮৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। একই সময় প্রতিষ্ঠানটি চীনের সিয়ান কারখানায় এনএএনডি মেমোরি চিপ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, তা স্পষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের এক মুখপাত্র সিয়ান কারখানায় কী পরিমাণ বিনিয়োগ করা হবে, সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে তিনি বিনিয়োগের অনুমোদন পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
বিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএসের তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্যামসাং বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে জমজমাট ব্যবসা করেছে। বিশেষ করে এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ খাতের মোট রাজস্বের ৩৮ দশমিক ৩ শতাংশই দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে স্যামসাং জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মেমোরি চিপ ব্যবসা খাত থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে, যা তৃতীয় প্রান্তিকেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের তথ্যমতে, সিলিকনভিত্তিক সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ইন্টেল দুই দশক ধরে একক শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। কিন্তু এপ্রিল-জুন প্রান্তিকে সেমিকন্ডাক্টর খাত থেকে রাজস্ব আয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের কাছে রাজত্ব হারিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মেমোরি চিপ বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য। একই সময়ে ইন্টেলের রাজস্বও তাদের পূর্বাভাসের চেয়ে কিছুটা বেড়েছে। তবে মোট রাজস্বের ক্ষেত্রে ইন্টেলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। এছাড়া চীন কয়েক বছর ধরে তার নিজস্ব মেমোরি চিপ উৎপাদনকারীদের উন্নয়নের জন্য চেষ্টা করে আসছে, যাতে তারা বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।
 
স্যামসাং উচ্চপ্রযুক্তিনির্ভর পণ্যের মেমোরি চিপ প্রস্তুত করে, যা ডাটা সংরক্ষণের জন্য বিভিন্ন সার্ভারে ব্যাপক পরিসরে ব্যবহার হয়।
আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নোমুরা সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক চুং চ্যাং ওন জানান, কয়েক বছর ধরে স্যামসাং মেমোরি চিপ বাজারে প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে। এপ্রিল-জুন প্রান্তিকে ক্রমবর্ধমান বাজারটির সুফল পেয়েছে প্রতিষ্ঠানটি। যদিও এ বাজার একসময় ইন্টেলের ওপর নির্ভরশীল ছিল। কম্পিউটারের চেয়ে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের ব্যবহার বৃদ্ধির কারণে স্যামসাংয়ের মতো কোম্পানির ব্যবসা কার্যক্রম দ্রুত বাড়ছে।