বন্যা-অতি বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ার পর কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। শীতের সবজি উঠলে দাম কমবে বলে আশা থাকলেও এখনও তার প্রভাব পড়েনি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
সাধারণত শীত শুরুর আগে শাক-সবজির দাম কিছুটা বেশি থাকে। এবার শীতের নতুন শাক-সবজি বাজারে আসা শুরু করলেও দাম কমছে খুব ধীরে।
সবজি বিক্রেতারা জানান, অন্য বছরের তুলনায় এবার শাক সবজির দাম একটু চড়া। আসলে সব পণ্যের বাজারই এখন চড়া। আপনি পেঁয়াজ, চাল, লবণ তেলের খোঁজ নেন। দেখবেন একই অবস্থা।
খুচরা দোকানগুলোতে গিয়ে দেখা যায়- পুঁই শাকের আঁটি ২৫ টাকা, মুলা ও লাল শাকের আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে সিমের কেজি ১২০ টাকা ছিল। আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ফুল কপি ও বাঁধা কপির দাম ১০ টাকা কমে প্রতিটি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। একইভাবে মুলা ৪০ টাকা থেকে কমে ৩০ টাকায়, পটল ৫০ টাকা থেকে কমে ৪০ টাকায় কেজি বিক্রি হয় এদিন। তবে ঝিঙা, চিচিঙ্গা, ঢেঁড়শ, করলাসহ অন্যান্য সবজি দাম আগের মতোই রয়েছে, ৫০-৬০ টাকার মধ্যে।
বাজারে স্বল্প পরিসরে এসেছে নতুন আলু, তবে দাম অনেক চড়া। পুরোনো আলু ২০ টাকা কেজিতে বিক্রি হলেও নতুন আলু কিনতে লাগছে কেজিপ্রতি ৮০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকায়। কারওয়ানবাজারে কয়েকটি সবজির দাম কমলেও ঢাকার বেশিরভাগ কাঁচাবাজারে এর তেমন প্রভাব পড়েনি।
মিরপুর ২ নম্বরের বড়বাগ কাঁচাবাজারে সিম কেজিপ্রতি ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, লাউ ৬০ টাকা, ফুল কপি ও বাঁধা কপি ৪০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপেঁ ৩০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, পটল ৬০ টাকা, মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছিল। সিম এতদিন ১২০ টাকা করে বিক্রি করছিলেন তারা। চলতি সপ্তাহে কেজিতে ২০ টাকা কমেছে।
এদিকে ভারত থেকে পেঁয়াজ আসার প্রবণতা বাড়তে থাকায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন। এদিন কারওয়ানবাজারে ফরিদপুর থেকে আসা পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ৩৩০ টাকায় বিক্রি হয়, যা আগেরদিনও ছিল ৪০০ টাকার উপরে।
এ বছর দুই দফায় পেঁয়াজের দাম বেড়ে খুচরায় কেজি প্রতি ৯০ টাকা পর্যন্ত উঠেছে। প্রথম দফা দাম বাড়ে অগাস্টের প্রথম দিকে, সপ্তাহখানেকের ব্যবধানে ২৫-২৮ টাকার পেঁয়াজ গিয়ে দাঁড়ায় ৫০ এর কোটায়। এরপর আমদানি বৃদ্ধিসহ সরকারের নানা তৎপরতায় দাম বৃদ্ধি আটকায়।
কয়েক মাস ৫০ টাকার আশপাশে পেঁয়াজের কেজি বিক্রি হলেও গত মাসের শেষদিকে হঠাৎ চড়তে থাকে দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে তা ৯০টাকা পর্যন্ত ওঠে।
