ছ’বছরের সম্পর্কে ইতি টানলেন শাকিরা-পিকে?




বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছেন স্প্যানিশ ফুটবল সেনসেশন জেরার্ড পিকে। স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে কাতালানদের পক্ষে তিনি। এজন্য সম্প্রতি জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে সমর্থকদের রোষানলে পড়তে হয় তাকে। এতেই পার পাননি বার্সা তারকা। পরে বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামলে এ ডিফেন্ডারকে হজম করতে হয় গ্যালারিতে উপস্থিত দর্শকদের দুয়ো।
সেই সমালোচনার ক্ষত না শুকাতেই আরো এক দুঃসংবাদ পেলেন পিকে। শোনা যাচ্ছে, তার সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন কলম্বিয়ান বিখ্যাত পপ তারকা শাকিরা! এ নিয়ে সরব একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এক সূত্রকে উদ্ধৃত করে ডেইলি মেল জানিয়েছে, এমন কিছু মারাত্মক কাণ্ড ঘটেছে যার জেরে শাকিরা নিজেই তাঁদের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত নিলেন শাকিরা তা কিন্তু রিপোর্টে বলা হয়নি। শাকিরা ও পিকে-কে শেষবার গত জুনে এক সঙ্গে দেখা গিয়েছিল আর্জেন্তিনায়। মেসির বিয়েতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও পোস্ট করেন শাকিরা।
এর আগে বেশ কয়েক বার গুঞ্জন উঠেছিল শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে। কিন্তু প্রতি ক্ষেত্রেই সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন দু’জনেই। যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, শাকিরা সামনে এসেছেন। পিকের প্রশংসা করেছেন। কী ভাবে তাঁকে সব দিক থেকে সাপোর্ট করেন সে কথাও জানিয়েছিলেন শাকিরা। বাবা হিসাবেও যে পিকে যথেষ্ট দায়িত্বশীল সে কথাও শোনা গিয়েছিল শাকিরার মুখে। তাঁদের দুই সন্তান— সাশা ও মিলান।