আসবে কি আসবে না? প্রশ্নটা কিছুদিন ধরে ঘুরপাক খেলেও সব টানাপোড়নে শেষে আসছে অস্ট্রেলিয়া। এগারো বছর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াইয়ে কোন ছাড় দেওয়া হবে না। সামনে থেকে লড়াই করবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। মুশফিকও ভরসা দিচ্ছে সেরাটা উজাড় করে দেওয়ার।
১১ বছর! অভিষেকের বিচারে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের সব থেকে প্রবীণ সদস্য মুশফিকুর রহিম। বারো বছরের ক্রিকেট ক্যারিয়ারে তার সুযোগ হয়নি সাদা পোশাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার। সেই সাথে বর্তমান দলের কেউই এই সুযোগ পায়নি। আসন্ন সিরিজেই প্রথমবারের মতো টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মুশফিক-সাকিব-তামিমরা। আর এই প্রথম লড়াইয়ে সব অভিজ্ঞতা ঢেলে দিতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ‘অনেক কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিতে পারব, যেটা ইংল্যান্ডকে দিতে পেরেছি। সিরিজটা ভালোভাবে শেষ করতে পারলে এত দিন না খেলার আক্ষেপটা থাকবে না।’
শেষ অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছিল ২০০৬ সালে। সেটি-ই দুইদলের মধ্যে শেষ সিরিজ। সেই সিরিজের অধিনায়ক হাবিবুল বাশার এখন দলের প্রধান নির্বাচক। তার মতে কঠিন হলেও অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয়, ‘কেন নয়? এখানে দুটি বিষয় আছে। বাংলাদেশ এখন আগের চেয়ে ভালো দল। আর অস্ট্রেলিয়া দলও আর আগের মতো নেই। অস্ট্রেলিয়ার এই দলের চেয়ে বরং গত বছরের ইংল্যান্ড আরও বেশি শক্তিশালী ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এখন ভালো খেলছি। তাই মনে করি, অস্ট্রেলিয়াকে হারানো খুব সম্ভব।’
সেই সিরিজে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলা বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস এ সিরিজকে দেখছেন বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল, ঠিক আছে। এ-ও ঠিক, ১১ বছর আগের অস্ট্রেলিয়ার সঙ্গে এখনকার অস্ট্রেলিয়ার অনেক পার্থক্য। কিছুদিন পর পর দলে নতুন মুখ দেখা যাচ্ছে। বাংলাদেশ সেখানে স্থিতিশীল একটা দল। এবার তাই বড় সুযোগ।’
সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খানও মনে করেন এবার সম্ভব, ‘অবশ্যই সম্ভব। কথা হচ্ছে, কীভাবে সম্ভব? দেশের মাঠে সর্বশেষ সিরিজটা দেখুন। ইংল্যান্ডের বিপক্ষে একটা জিতেছি, আরেকটা জেতা উচিত ছিল। ওই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারলে বাংলাদেশ এবারও ভালো করবে। তবে মনে রাখতে হবে, অস্ট্রেলিয়াও কিন্তু যথেষ্ট শক্তিশালী।’
এত বছর পর বলেই অস্ট্রেলিয়া বধে মরিয়া হাতুরুসিংহ ও তার শিষ্যরা। শেষ কয়েক মাসে বাংলাদেশের টেস্ট গ্রাফটাও ঊর্ধ্বমুখী। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে ১-১ এ সিরিজ ড্র, নিউজিল্যান্ডের মাটিতে সমান তালে লড়াই করা জানান দিচ্ছে অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলার পাত্র নয় বাংলাদেশের প্রবীণ ও নবীন খেলোয়াড়েরা। তবে দীর্ঘ বিরতিতে টেস্ট খেলা সমস্যা হতে পারে বলে মনে করেন মুশফিক, ‘আমরা এত বড় ব্যবধানে টেস্ট খেলি যে প্রতি সিরিজেই দেখা যায় নতুন বোলিং কম্বিনেশন। নতুনদের জন্য অনেক কঠিন হয়ে যায় কাজটা। এই বোলিং ইউনিট নিয়ে যদি আমরা এক-দুই বছর খেলতে পারি, তাহলে ভালো হবে।’
সম্প্রতি বড়দলগুলোর বিপক্ষে সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুন। তাই মাঠ ও মাঠের বাইরে প্রত্যাশা এবার সমানে সমান লড়াই হবে। অস্ট্রেলিয়া সহজে ছাড় পাবে না।
