সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের প্লাটফর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তরুণরা এবং স্ন্যাপচ্যাটের দিকে ঝুঁকছেন। গত সোমবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার এ তথ্য জানিয়েছে।
ইমার্কেটারের তথ্যমতে, চলতি বছর যুক্তরাজ্যের ১২-১৭ বছর বয়সের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ৭১ শতাংশ নিয়মিত ফেসবুক ব্যবহার করবে, যা গত বছরের পূর্বাভাসের চেয়ে ৮ শতাংশ কম।
শিশুদের মধ্যে স্ন্যাপচ্যাট ব্যবহারের প্রবণতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে ইমার্কেটার জানায়, চলতি বছর যুক্তরাজ্যের সোস্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে ৪৩ শতাংশই স্ন্যাপচ্যাট ব্যবহার করবে, যা তিন বছর আগের চেয়ে দ্বিগুণ।
ইমার্কেটার জানায়, গত বছর যুক্তরাষ্ট্রের ১২-১৭ বছর বয়সের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ৬৮ দশমিক ৫ শতাংশ ফেসবুক ব্যবহার করেছে, যা ২০১৩ সালের চেয়ে ৯০ শতাংশ কম। অন্যদিকে চার বছর আগে ২৯ শতাংশ স্ন্যাপচ্যাট করেছে, যা গত বছর ৮৯ শতাংশে পৌঁছেছে।
ইমার্কেটারের বিশ্লেষক বিল ফিশার বলেন, শিশু কিংবা তরুণদের ফেসবুক ব্যবহারে উৎসাহিত করতে মেসেঞ্জার অ্যাপের বেশকিছু সংস্করণ চালু করে প্রতিষ্ঠানটি। তার পরেও শিশু কিংবা তরুণদের মধ্যে স্ন্যাপচ্যাট ব্যবহারের প্রবণতা বাড়ছে। চলতি বছর যুক্তরাজ্যে ফেসবুক ব্যবহারকারী ৩ কোটি ২৬ লাখে পৌঁছবে বলে প্রত্যাশা করা হচ্ছে। স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম কিংবা টুইটারের চেয়ে দেশটিতে বেশি গ্রাহক রয়েছে ফেসবুকের। তবে তরুণদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে প্রতিষ্ঠানটি।
স্ন্যাপচ্যাটের ব্যবহার সহজ করতে নতুন করে নকশা করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ফেসবুকের চেয়ে স্ন্যাপচ্যাট তরুণ প্রজন্মের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বিভিন্ন প্রযুক্তিপণ্য। ফলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে। সেসঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর এ ধরনের প্রভাব রুখতে চাপ বাড়ছে।
আইফোনের প্রতি তরুণদের আসক্তি ক্রমেই বাড়ছে। দিনে দিনে তা জটিল আকার ধারণ করছে। এতে করে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
