চলমান করোনা সংক্রমণের কারণে দেশজুড়ে চলছে লকডাউন এমন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগমে যথাযথ পদক্ষেপ না নিতে পারায় এবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,মাওলানা আনসারীর জানাজায় পরিস্থিতির এমন আশঙ্কা করলেও যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সরাইলের ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
যদিও স্থানীয় প্রশাসন বলছে তারা যথেষ্ট চেষ্টা করেছে জনসমাগম নিয়ন্ত্রণের। কিন্তু এর আগে প্রশাসনের নিরব ভুমিকা পালন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেই লকডাউন ভেঙেই আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।
শনিবার সকালে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে এখন করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ল।
সকাল থেকে পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে রাজধানীসহ বিভিন্ন জেলা এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে বেড়তলা মাদ্রাসায় আসতে থাকে লোকজন।
পরে সকাল ১০টার দিকে জানাজা শুরু হয়। মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায় মানুষ।

