দীর্ঘ যানজটে সময় অপচয় হয়। চরম ভোগান্তিতে রাজধানীর বাসিন্দাদের নাজেহাল অবস্থার কথা মাথায় রেখে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল।
একই সময়ে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় সরকার ঢাকার যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন করতে চাচ্ছে সরকার। এ লক্ষ্যে সাবওয়ে বা আন্ডার মেট্রো নির্মাণের মাধ্যমে শহরজুড়ে প্রায় ২৪০ কিলোমিটার রেলপথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এখন চলছে মাটির নিচে ট্রেন চালানোর সম্ভাব্যতা সমীক্ষার কাজ। সমীক্ষাটি করছে স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টেকনিয়া ওয়াই প্রয়েকটস এস.এ টিপসা।
এজন্য রাজধানীর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম এলাকাজুড়ে রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। ট্রেন কে পরিচালনা করবে সে সিদ্ধান্ত আসবে সমীক্ষাপর্ব শেষে। আপাতত সরকারি অর্থে সমীক্ষা সম্পন্ন করতে জোর দিয়েছে সেতু বিভাগ।
এ প্রকল্পে চুক্তিমূল্য ধরা হয় ২১৯ কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকা। কাজের এক পর্যায়ে অতিরিক্ত ৯৮ কোটি ৫ লাখ ৬৯ হাজার টাকার প্রয়োজন হয়। সব মিলিয়ে এখন ৩১৭ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হচ্ছে।
ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি ৭০ লাখ। এখানে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় সাত হাজার ৯৫০ জন। মোট সড়কের দৈর্ঘ্য এক হাজার ২৮৬ কিলোমিটার, সড়কের ঘনত্ব ৯ দশমিক ০১ শতাংশ। অথচ একটি শহরে সড়কের আদর্শমান ২০-২৫ শতাংশ। ঢাকা শহরে বর্তমানে ফাঁকা জায়গা ৩ দশমিক ০৯ ভাগ অথচ থাকার কথা ১৫-৫০ শতাংশ। সড়কপথে ১০০ বাসে ঘণ্টায় ১০ হাজার যাত্রী চলাচল করতে পারে। সাবওয়ে তথা আন্ডার মেট্রো নির্মাণ করলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল সম্ভব।

