পুড়িয়ে ফেলা হয়েছে স্লোভানিয়ার সেভনিকা শহরে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কাঠের ভাস্কর্যটি।
এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্লোভানিয়া পুলিশ। স্লোভানিয়া পুলিশের মুখপাত্র আলেঙ্কা ড্রেনিক বলেন, এখনো তদন্ত পুরোপুরি শেষ হয়নি। এর আগে গত জানুয়ারিতে স্লোভানিয়ার মোরাভচে শহরেও ট্রাম্পের আদলে তৈরি একটি ভাস্কর্য পুড়িয়ে ফেলা হয়েছিল।
ভাস্কর্য তৈরিতে অর্থ দেন মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি। তিনি জানান, মার্কিন স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাই মেলানিয়া ট্রাম্পের ওই কাঠের ভাস্কর্য পুড়িয়ে ফেলা হয়। ভাস্কর্য পুড়িয়ে দেয়ার পর ৫ তারিখে স্থানীয় পুলিশ সেটিকে সরিয়ে নেয়।
এই ঘটনায় একটি মামলাও দায়ের করেছেন ব্র্যাড ডাউনি। ডাউনি জানিয়েছেন, অপরাধীকে খুঁজে পেলে তার সাক্ষাতকার নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করবেন তিনি।

