জলবায়ু তহবিলের প্রায় ৫০৮ কোটি টাকা ফারমার্স ব্যাংকের মতো একটি ব্যাংকে কেন রাখা হলো—সেই প্রশ্ন তুলেছে পরিবেশন ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে ধুকতে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ফারমার্স ব্যাংক এই অর্থ ফেরত দিতে পারছে না বলে সংসদে জানিয়েছিলেন নতুন পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এ প্রশ্ন তোলা হয়।
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাংসদ নবী নেওয়াজ ও মো. ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, ফারমার্স ব্যাংকের মতো একটি ‘লো রেটিংয়ের’ ব্যাংকে ৫০০ কোটি টাকা কেন রাখা হলো, কমিটি সে প্রশ্ন তুলেছে। তহবিল কর্তৃপক্ষ তাদের জবাব দিয়েছে। তারা কমিটিকে জানিয়েছে, ফারমার্স ব্যাংক আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য কিছু সময় চেয়েছে। তারা টাকা ফেরত দেবে। পাশাপাশি ভবিষ্যতে শুধু সুদের হার না দেখে ব্যাংকের অবস্থা দেখে এই টাকা রাখার জন্য বলেছে কমিটি।
হাছান মাহমুদ বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আমানত মোট ৩ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ১৯১ কোটি টাকা স্থায়ী আমানত। আমানতের বিপরীতে ৮৭১ কোটি টাকা সুদ পাওয়া গেছে। সুদের ৬৪৪ কোটি টাকা অব্যবহৃত রয়েছে।
বৈঠকের সূত্র জানায়, জলবায়ু ট্রাস্ট ফান্ডের ১ হাজার ৩২১ কোটি টাকার বেশি জমা আছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ফারমার্স ব্যাংকের গুলশান, মতিঝিল ও গুলশান সাউথ অ্যাভিনিউ শাখায় জমা আছে মোট ৪৯৯ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা। ফারমার্স ব্যাংক সবচেয়ে বেশি সুদ দেওয়ার কথা বলেছিল। ফারমার্স ব্যাংকের সর্বনিম্ন সুদের হার ৯ শতাংশ। এসব হিসাব মেয়াদোত্তীর্ণ হলেও ব্যাংক কর্তৃপক্ষ নবায়ন করতে পারছে না। তারা এই টাকা ফেরতও দিতে পারছে না।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত আপাতত বন্ধ আছে। ভবিষ্যতে এই সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে গাছগুলো না কেটে অন্যভাবে সড়ক সম্প্রসারণ কাজ করার জন্য বলেছে কমিটি। একই সঙ্গে অন্য যেকোনো সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সর্বশেষ ২০১৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬। বাঘের সংখ্যা বাড়াতে কাজ করার জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল করার পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, যশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি, ছাড়পত্রের আবেদনও করা হয়নি। কিন্তু পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী কোনো আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক সড়ক নির্মাণ, পুনর্নির্মাণ, সম্প্রসারণ প্রকল্প লাল শ্রেণিভুক্ত। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রকল্পের কাজ শুরু করার আগে পরিবেশগত সমীক্ষা ও পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রণয়নসহ অবস্থানগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।
