জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্থ নারীরা




জলবায়ু পরিবর্তনে পুরুষদের তুলনায় নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি জাতিসংঘের গবেষণা বলছে, জলবায়ুর পরিবর্তনে যে মানুষজন বাস্তুচ্যুত হয়েছে, তাদের আশি শতাংশই নারী। পরিবারের সদস্যদের যত্ন আর খাবারের মতো দায়িত্ব তারা নেয়ায় বন্যা এবং খরায় তারা আরো বেশি সংকটে পড়েন।
২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনে নারী যে প্রভাবিত হবে, সে বিষয়ও উল্লেখ করা হয়েছে। মধ্য আফ্রিকার দেশ চাদের বিখ্যাত হ্রদ ‘লেক চাদের’ ৯০ শতাংশই এখন আর নেই। এতে বিপদে পড়েছেন স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী। হ্রদটি শুকিয়ে যাওয়ায় পানির জন্য এখন বহুদূর হাঁটতে হয় নারীদের।
চাদের স্থানীয় সংগঠন ইনডিজিনাস উইমেন অ্যান্ড পিপল অব চাদের (এএফপিএটি) হিনদৌ ওউমারাও ইব্রাহিম বলেন, শুকনো মৌসুমে পুরুষেরা সব শহরে চলে যায়। ঘর দেখার জন্য নারীদের রেখে যায় তারা। তিনি বলেন, শুকনো মৌসুম দীর্ঘায়িত হলে পরিবারের দেখভালের জন্য কঠোর পরিশ্রম করতে হয় নারীদের। আবার এ সময় ঘরের পুরুষদের কোনো সহযোগিতাও তাঁরা পান না।
গবেষণায় জানা যাচ্ছে, এটা শুধুমাত্র প্রান্তিক এলাকার লোকজনের সমস্যাই নয়। সারা বিশ্বেই নারীরা পুরুষদের তুলনায় কম ক্ষমতা ভোগ করছেন এবং বেশি দারিদ্রের মুখোমুখি হচ্ছেন। চাকরি, আশ্রয় বা অবকাঠামোর অভাব দুর্যোগ এই নারীদের আরো বিপদে ঠেলে দেয়।
অক্সফামের একটি প্রতিবেদন অনুযায়ী ২০০৪ সালের সুনামির পর যেখানে তিনজন পুরুষের বিপরীতে একজন নারী রক্ষা পেয়েছেন। কারণ জানা না গেলেও, সারা বিশ্বেই একই ধরণের উদাহরণ দেখা গেছে। ফলে সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনে ক্ষেত্রে সরকারি বেসরকারিভাবে নারীদের আরো অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেয়া হচ্ছে।