২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নিন্দা খানিকটা কমলেও, জাতীয় দল নিয়ে সমালোচনার ৯০ মিনিট যেন শেষ হচ্ছে না। রাশিয়া যাত্রা নিশ্চিত হওয়ার আগে নিন্দুকেরা বলেছেন, আর্জেন্টিনা জাতীয় দল গড়া হয় মেসির পছন্দের খেলোয়াড়দের নিয়ে!
শেষমেষ নিরবতা ভাঙলেন মেসি টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার বন্ধুরাই শুধু খেলে (জাতীয় দলে), অসম্মান করতেই এমন কথা বলা হয়। খুব রাগ লাগে যখন শুনি, জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করি আমি। ডি মারিয়া, হিগুয়েইন, মাচেরানোদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে ওরা প্রশ্ন তোলে। এসব শুনলে হাসি পায়। আমার বন্ধু বলেই ওরা খেলার সুযোগ পায় এসব কথা বলা মানে খেলোয়াড়দের অসম্মান করা।’
আর্জেন্টিনা অধিনায়ক এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, ‘এসব আসলে মিথ্যা অভিযোগ। এত দিনে তা প্রমাণিত। সর্বশেষ ওরা ইকার্দিকে নিয়ে বলেছিল, আমি চাই না সে জাতীয় দলে সুযোগ পাক। কিন্তু জাতীয় দলে আমি কখনোই কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি কিংবা ছাঁটাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিই না। এটা আমার স্বভাব নয়।’
গত বিশ্বকাপের ফাইনালে উঠলেও দেশকে শিরোপা জেতাতে পারেননি মেসি। বার্সেলোনা তারকা পরিবারের জন্য হলেও শিরোপা জিততে চান। কারণ জাতীয় দলের হয়ে ব্যর্থ হলে খেলোয়াড়দের পরিবারকে ভুগতে হয়, ‘জাতীয় দলের হয়ে আমাদের (খেলোয়াড়) চেয়ে আমাদের পরিবার শিরোপা জিততে বেশি উদ্গ্রীব। কেননা ব্যর্থ হলে তাদের ভুগতে হয় সবচেয়ে বেশি।’
